Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বাংলাদেশের অনুরোধ ওড়াল আয়ারল্যান্ড

আরও বিপাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুস্তাফিজুর ইস্যুকে সামনে রেখে তারা ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার দাবি পেশ করেছিল।

বাংলাদেশের অনুরোধ ওড়াল আয়ারল্যান্ড
  • ১৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আরও বিপাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুস্তাফিজুর ইস্যুকে সামনে রেখে তারা ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার দাবি পেশ করেছিল। কিন্তু সেই দাবি মানতে চায়নি আইসিসি। তাতে পরিস্থিতি আরও ঘোরালো হয়। বাংলাদেশ জানায়, তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় দিতে হবে। দাবি না মানা হলে বয়কট করবে বিশ্বকাপ। আসলে বিসিবি কর্তারা ভেবেছিলেন, ঝাঁঝ বাড়িয়ে তাঁদের দাবি দাওয়া আদায় করে নেবেন। কিন্তু ঢাকায় আইসিসি’র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা বুঝতে পারেন, আর যাই হোক এত সহজে চিড়ে ভিজবে না। তখন বিকল্প পথ খোঁজার চেষ্টা শুরু করেন কর্তারা। বলা হয়, আয়ারল্যান্ড গ্রুপের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। ওদের ম্যাচগুলি ভারতে সরিয়ে আনা হোক। আর বাংলাদেশের ম্যাচগুলি দেওয়া হোক শ্রীলঙ্কায়। মনে রাখতে হবে, টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলার কথা কলকাতা ও মুম্বইয়ে। কিন্তু আয়ারল্যান্ড সেই প্রস্তাবে রাজি হয়নি। আইরিশ ক্রিকেট সংস্থা আইসিসি’কে জানিয়ে দিয়েছে, পূর্বনির্ধারিত সূচি মেনে তারা শ্রীলঙ্কাতেই গ্রুপের ম্যাচগুলি খেলবে।

Advertisement

বাংলাদেশের অবস্থা এখন শাঁখের করাতের মতো। ভারতে না খেলার সিদ্ধান্তে অটল থাকলে বিশ্বকাপ বয়কট করতে হবে। সেক্ষেত্রে নির্বাসনের সঙ্গে বিপুল অর্থের জরিমানা হতে পারে। আবার পিছু হটে ভারতে খেলতে গেলে থুতু গেলা হবে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে পথ খোঁজার শেষ চেষ্টা করবেন বলে শোনা যাচ্ছে। তা না হলে বাধ্য হয়ে তাঁদের ভারতেই খেলতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ