রিয়াধ: বয়স তাঁর কাছে নিছকই সংখ্যা মাত্র। ৪০ বছর পেরিয়েও ফিটনেসের নিরিখে অনায়াসেই যে কোনও তরুণকে চ্যালেঞ্জ জানাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে পেশাদার ফুটবলে হাজার গোলের মাইলফলকের লক্ষ্যে অবিচল পর্তুগিজ মহাতারকা। শনিবার সৌদি প্রো লিগে আল ওখদুদের বিরুদ্ধে জোড়া লক্ষ্যভেদের সুবাদে কেরিয়ারের ৯৫৬তম গোলটি সেরে ফেলেন সিআরসেভেন। শুধু তাই নয়, এই জোড়া গোলের সুবাদে স্থাপিত হল আরও এক উজ্জ্বল নজির। রোনাল্ডোই বিশ্বের প্রথম ফুটবলার, যিনি কেরিয়ারের মোট ১৪টি ক্যালেন্ডার ইয়ারে ৪০ বা তার বেশি গোল করলেন। পিছনে ফেললেন চিরপ্রতিদ্বন্দ্বী লায়োনেল মেসিকে। উল্লেখ্য, চলতি বছরেই ১৩ বারের জন্য এক ক্যালেন্ডার ইয়ারে ৪০ গোল করে রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করেছিলেন এলএমটেন। শনিবার আবারও এককভাবে শ্রেষ্ঠত্বের মসনদ পুরুদ্ধার করলেন পর্তুগিজ তারকা।



