দিবাকর মজুমদার, ইটাহার: অবশেষে সিপিআই প্রার্থীর সমর্থনে ভোটপ্রচারে নামল বামফ্রন্ট। বৃহস্পতিবার সুসজ্জিত পিকআপ ভ্যানে ইটাহার গ্রাম পঞ্চায়েতের পাড়ায় পাড়ায় প্রচার সারলেন বাম মনোনীত সিপিআই প্রার্থী উৎপল দাস। প্রচারে তাঁর প্রাক্তন আপ্তসহায়ক তথা আইনজীবী উত্পলকে নিয়ে চষে বেড়ালেন সিপিআই নেতা শ্রীকুমার মুখোপাধ্যায়। রাজ্যের হাল ফেরাতে মানুষের কাছে লাল ঝান্ডার প্রতি আস্থা রাখার আবেদন জানান সিপিআই প্রার্থী। প্রার্থী ঘোষণার পরও সিপিআই প্রার্থীর সমর্থনে এতদিন প্রচারে দেখা যায়নি শরিক দলগুলিকে। এনিয়ে ক্ষোভের চোরাস্রোত বইছিল বামফ্রন্টের অন্দরে। ভোট এগিয়ে আসতেই বরফ গলেছে। সিপিএমের দাবি, দলগত বৈঠক হতে দেরি হওয়ায় প্রচারে নামতে দেরি হয়েছে। এদিন সকাল থেকে পিকআপ গাড়িতে পাইকপাড়া, সোহাইর, ঘেড়া, দিগনা, ইটাহার সদর, রানিপুর, উত্তরপাড়া, গোঠলু, কামালপুর, শ্রীপুর, চালুনিয়া, বাগবাড়ি হয়ে ইটাহার হাটখোলা এলাকায় প্রচার করেন সিপিআই প্রার্থী।



