Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্ঘটনায় পা হারানো যুবককে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ আদালতের

বাসের ধাক্কায় যুবকটি রাস্তায় পড়ে যেতেই তাঁর ডান পায়ের উপর দিয়ে চলে গিয়েছিল বাস। ২০১৫ সালের ঘটনায় ২৫ বছরের যুবকের পা কেটে বাদ দিতে হয়েছিল চিরদিনের জন্য।

দুর্ঘটনায় পা হারানো যুবককে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ আদালতের
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সুকান্ত বসু, কলকাতা: বাসের ধাক্কায় যুবকটি রাস্তায় পড়ে যেতেই তাঁর ডান পায়ের উপর দিয়ে চলে গিয়েছিল বাস। ২০১৫ সালের ঘটনায় ২৫ বছরের যুবকের পা কেটে বাদ দিতে হয়েছিল চিরদিনের জন্য। তারপর থেকেই তাঁর ২৪ ঘণ্টার সঙ্গী দু’টি ক্রাচ। কিছুদিন পরেই চলে বেসরকারি সংস্থায় কর্মরত ওই সিস্টেম ইঞ্জিনিয়ারের চাকরি। ঘটনার সাড়ে নয় বছর পর ঘোষিত হল রায়। সম্প্রতি কলকাতার নগর দেওয়ানি আদালত ক্ষতিপূরণ হিসেবে যুবককে ২০ লক্ষ ১৩ হাজার ৫৪৯ টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন বাসটি যে বীমা সংস্থার অধীনে অন্তর্ভুক্ত ছিল, সেই বীমা কোম্পানিকে। ছয় শতাংশ সুদ সহ ওই টাকা মেটানোর কথা বলে আদালত। অভিযোগকারীর আইনজীবী প্রবীর মুখোপাধ্যায় শুক্রবার জানান, ‘ওই ঘটনার পর মোটর দুর্ঘটনাজনিত মামলা দায়ের করা হয় কলকাতা নগর দেওয়ানি আদালতে। মামলায় সাক্ষ্য দেন পাঁচজন। দীর্ঘ শুনানির শেষে আদালত ওই যুবককে ক্ষতিপূরণের নির্দেশ দেয়।’ সুশীলকুমার রজক নামে ওই যুবক কলকাতায় রাজা সন্তোষ রোডে থাকতেন। সেখানে ঩থেকেই তিনি শহরের একটি বেসরকারি অফিসে কাজ করতেন। কিন্তু পা হারিয়ে কাজ হারানোর পর তিনি চলে যান বিহারের গয়া জেলায় তাঁর নিজের বাড়িতে। শুক্রবার টেলিফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, ‘ভগবানের কাছে প্রার্থনা করি, আর যেন কখনও কারও সঙ্গে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’ একরাশ হতাশা নিয়ে তিনি বলেন, ‘পা চলে যাওয়ার পর চাকরিটাও চলে গেল এর থেকে আর দুঃখের কি থাকতে পারে। পা হারিয়ে এখন তেমন কোনও ভারী কাজ করতে পারি না। ছোটখাট কাজ করছি কোনওভাবে। কিন্তু বাকি জীবনটা কীভাবে চলবে? ’

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালের ৩১ জুলাই সন্ধ্যায় আলিপুর থানার ডায়মন্ডহারবার রোড ও বর্ধমান রোডের সংযোগস্থলে ওই দুর্ঘটনাটি ঘটে। জখম যুবককে প্রথমে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। পরে তাঁকে স্থানান্তর করা হয় শহরে এক বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর জখম ডান পা কেটে বাদ দেওয়া হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ