Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ ৩ জনকে গ্রেপ্তারের দাবি কোর্টে

আর জি কর অভয়া মামলায় পানিহাটির  প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, চেয়ারম্যান সোমনাথ দে সহ তিনজনকে গ্রেপ্তারের দাবি উঠল আদালতে

পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ ৩ জনকে গ্রেপ্তারের দাবি কোর্টে
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর অভয়া মামলায় পানিহাটির  প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, চেয়ারম্যান সোমনাথ দে সহ তিনজনকে গ্রেপ্তারের দাবি উঠল আদালতে। বুধবার নির্যাতিতার পরিবারের কৌঁসুলিরা শিয়ালদহ আদালতে ওই আরজি জানান। আদালতে অভয়ার পরিবারের তরফে কৌঁসুলি অর্মত্য দে, রাজদীপ হালদাররা বলেন, ‘অভয়ার মৃতদেহ পোড়ানোর বিষয়ে তড়িঘড়ি করার অভিযোগ ওঠেছিল। যা অত্যন্ত সন্দেহজনক মনে হয়েছে। তাই তাঁদের ভূমিকা খতিয়ে দেখতে সিবিআই তাঁদের গ্রেপ্তার করুক। তাঁদের হেপাজতে নিয়ে জেরা করা হোক। তাহলে এই ঘটনায় অনেক অজানা তথ্য বেরিয়ে আসার পাশাপাশি মামলায় একটা ‘গতি’ আসতে পারে।’ 

Advertisement

৫ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ওইদিন এই বিষয়ে সিবিআই তাদের বক্তব্য কোর্টে পেশ করার কথা বলে আদালত সূত্রের খবর। এদিকে, এই মামলায় যে শেষ স্টেটাস রিপোর্ট জমা পড়েছে আদালতে, তাতে সিবিআই জানায়, তদন্ত চলছে। অভয়ার বাবা‑মা বার বার দাবি করেছেন, এই ঘটনার পিছনে জড়িয়ে রয়েছে অনেক রাঘববোয়াল। তাঁদের আড়াল করার চেষ্টা চলেছে। এই আবহের মধ্যে এদিন আদালতে পানিহাটির তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও পুর চেয়ারম্যানকে এই মামলায় গ্রেপ্তারের দাবি ওঠায় শুরু হয়ে গিয়েছে শোরগোল। এদিকে, আর জি কর লিফ্ট‑কাণ্ডে তিন অভিযুক্ত লিফ্টম্যানের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। বুধবার শিয়ালদহ আদালতে (অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট) এই মামলার শুনানি চলাকালে সরকারি কৌঁসুলি স্নেহাংশু ঘোষ ধৃতদের জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘তদন্ত চলছে। তদন্ত শেষ হলে দ্রুত চার্জশিট পেশ করা হবে। অন্যদিকে, ধৃতদের কৌঁসুলি সপ্তর্ষি ঘোষ বলেন, ‘মামলায় নতুন অগ্রগতি নেই। তাই যে কোনো শর্তে আমাদের মক্কেলদের জামিন দেওয়া হোক।’ বিচারক নথি খতিয়ে দেখে অভিযুক্ত তিন লিফ্টম্যানকে ১ জুন পর্যন্ত ফের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ