নয়াদিল্লি ১৫ ফেব্রুয়ারি: গতকাল ভ্যালেন্টাইনস ডে'র দিন নয়ডায় ৩৯ নম্বর সেক্টরে পার্কিংয়ে থাকা একটি গাড়ির ভিতর থেকে উদ্ধার হল যুগলের দেহ। মৃত তরুণের নাম সুমিত, তরুণীর নাম রেখা, বয়স দুজনের কুড়ির ঘরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের মধ্যে বেশ কয়েক বছর থেকেই প্রমের সম্পর্ক ছিল। কিন্তু মৃতা তরুণীর বাড়ি থেকে তাদের এই সম্পর্ক মেনে নিতে আপত্তি ছিল। সম্পর্ক বিচ্ছেদের জন্য বহুবার হুমকিও দেওয়া হয়েছিল তরুণের পরিবারকে। এমনকি একাধিক বার,আন্তজার্তিক নম্বর থেকে পুলিশি ব্যবস্থা নেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল। এরপরে গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন দু'জন। তাদের পরিবারের তরফ থেকে মিসিং ডায়েরিও করা হয়। অতঃপর, শনিবার সালারপুর থেকে কিছু দূরে একটি গাড়ির ভিতর থেকে দু'জনের দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, সুমিত প্রথমে গুলি করে তার প্রেমিকা রেখাকে হত্যা করে। তারপরেই নিজে আত্মঘাতী হন। ঘটনাস্থলে পৌঁছায় ফরেন্সিক দল। সমগ্র ঘটনার তদন্ত চলছে।



