সংবাদদাতা, গঙ্গারামপুর: অকল্পনীয় মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী রইল গঙ্গারামপুরের ভাদ্রা সীমান্ত। এই জেট যুগেও ডাইনি অপবাদ দিয়ে অত্যাচার চালানো হল একটি পরিবারের উপর। ওই পরিবারের তিনজনকে খাওয়ানো হল বিষ্ঠা। বৃহস্পতিবার রাতে গঙ্গারামপুর থানার বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের ভাদ্রা সীমান্তে স্থানীয়রা শ্মশানকালীপুজোর আয়োজন করেন। গভীর রাতে পুজো শেষে গ্রামবাসীদের একাংশ এলাকারইএক মহিলার বাড়িতে যান।প্রায় ২০ থেকে ২৫ জনের ওই দলটি মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়। মহিলা, তাঁর স্বামী ও ছেলেকে একটি বোতলে বিষ্ঠা মেশানো জল জোর করে খাইয়ে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত দম্পতি ও তাঁদের ছেলে বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।



