নয়াদিল্লি: দুরন্ত এক্সপ্রেস ৪ ঘণ্টা দেরি করায় বিমানে উঠতে পারেননি জম্মুর বাসিন্দা এক দম্পতি। সেই ঘটনার চার বছর পর উত্তর রেলকে ৬৩ হাজার ১৯৯ টাকা দিতে নির্দেশ দিল উপভোক্তা আদালত। এর মধ্যে ৩৮ হাজার ১৯৯ টাকা নতুন টিকিট ও হোটেলের খরচ বাবদ। বাকি টাকা ক্ষতিপূরণ ও মামলার খরচ বাবদ ওই দম্পতিকে দিতে হবে।
২০২২ সালের ১৯ ডিসেম্বর জম্মু থেকে দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে চড়েন মোহিত সিং ভাউ ও তাঁর স্ত্রী দামিনী বিলোরিয়া। ট্রেনটি পরের দিন ভোর ৩টে ৫৫ মিনিটে দিল্লি পৌঁছানোর কথা ছিল। দিল্লি থেকে সকাল ৭টা ১৫ মিনিটের বিমান ধরে গুয়াহাটি যাওয়ার কথা ছিল ওই দম্পতির। কিন্তু দুরন্ত এক্সপ্রেস সকাল ৭টা ৫০ মিনিটে দিল্লি পৌঁছায়। স্বাভাবিকভাবেই আর বিমানে উঠতে পারেননি মোহিত ও দামিনী। ৩৫ হাজারেরও বেশি টাকা দিয়ে নতুন করে বিমানের টিকিট কাটেন তাঁরা। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন দম্পতি। শুনানি শেষে ক্ষতিপূরণের নির্দেশ দেয় কোর্ট।



