নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামে লোধা ও শবরদের স্বনির্ভর করে তুলতে ‘জীবিকা ও উত্তরণ’ প্রকল্পে আর্থিক সহযোগিতা করা হচ্ছে। সেই টাকাই আত্মসাৎ করার অভিযোগ উঠেছে জেলার পাটাশিমূল নবজাগরণ বহুমুখী প্রাথমিক সমবায় সমিতি লিমিটেডের সম্পাদিকা মধুমিতা পড়িহারী ও কোষাধ্যক্ষা নির্মলা মাহাতর বিরুদ্ধে। মোট ৬২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার পাটাশিমুল এলাকার লোধা শবর মহিলারা শহরের অরণ্য সুন্দরী মহাসংঘে এসে তুমুল বিক্ষোভ দেখান। পুলিশ এসে পরিস্থিতি সামলায়।
গ্ৰামীণ এলাকার মহিলাদের সার্বিক উন্নতির লক্ষ্যে স্বসহায়ক দল তৈরি করা হয়েছে। বেশ কয়েকটি স্বসহায়ক দল নিয়ে প্রত্যেক গ্ৰাম পঞ্চায়েতে এক একটি সংঘ গঠিত হয়েছে। সংঘগুলিকে নিয়ে ব্লকে মহাসংঘ গঠিত হয়েছে। সংঘের মাধ্যমে ‘জীবিকা ও উত্তরণ’ প্রকল্পে গ্ৰামের দুঃস্থ, দরিদ্র মহিলাদের আর্থিক সহায়তা করা হয়। ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমূল পঞ্চায়েতের ‘জীবিকা ও উত্তরণ’ প্রকল্পে সাহায্যপ্রাপ্তের তালিকায় ২৪৬ জনের নাম রয়েছে। ১৬ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। বাকি ২৩০ জনের প্রত্যেকের চেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে। গত বছর আগস্ট মাসে প্রত্যেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ হাজার ৪৫৪ টাকা ঢুকে যাওয়ার কথা ছিল। সংঘের অ্যাকাউন্ট দ্বিতীয় কিস্তির ১২ লক্ষ ও তৃতীয় কিস্তির গোরু-ছাগল পালনের ৩৫ লক্ষ টাকা অনেকদিন আগেই ঢুকে গিয়েছে। সংঘের ১৫ জনের বোর্ডের সদস্যের অভিযোগ, সংঘ সম্পাদিকা ও কোষাধ্যক্ষা কোনোরকম রেজিউলেশন পাশ না করেই ৬২ লক্ষ টাকা তুলে নেন। সংঘের সদস্যদের মধ্যে চাপানউতোর শুরু হলে সংঘের অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা ঢোকানো হয়। বোর্ডের সদস্যরা পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারেন, সংঘের অ্যাকাউন্টে আগে থেকেই কিছু টাকা ছিল। বর্তমানে সংঘের অ্যাকাউন্টে ১৯ লক্ষ ৮০ হাজার টাকা রয়েছে। পাটাশিমূল এলাকার লোধা শবর মহিলারা এদিন শহরের অরণ্য সুন্দরী মহাসংঘে এসে মধুমিতা পড়িহারীকে ঘিরে অ্যাকাউন্টে টাকা ফেরত দেবার দাবিতে তুমুল বিক্ষোভ দেখান। পুলিশ এসে পরিস্থিতি সামলায়। বিক্ষোভকারী মালতি শবর বলেন, ‘জীবিকা ও উত্তরণ’ খাতের টাকা সংঘের অ্যাকাউন্টে জমা পড়েছিল। সেই টাকার সবটাই সম্পাদিকা ও কোষাধ্যক্ষা তুলে নেন। পরে চাপে পড়ে অ্যাকাউন্টে আবার ১০ লক্ষ টাকা ফেলা হয়। অ্যাকাউন্টে টাকা না থাকার জন্য ২৩০ জন মহিলা পাঁচ মাস তাঁদের নায্য টাকা পাননি। গত নভেম্বরে ব্লক অফিসে গিয়ে লিখিত অভিযোগ করা হয়েছিল। বিডিও সাহেব দ্রুত সমস্যা মেটার আশ্বাস দিয়েছিলেন। তারপরেও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে এদিন আমরা বিক্ষোভ দেখিয়েছি। কবিতা শবর বলেন, লোধা শবর মহিলাদের টাকা আত্মসাৎ করা হল অথচ প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেই। পদক্ষেপ না নিলে আমাদের আন্দোলন জারি থাকবে। মধুমিতা পরিহারী বলেন, সংঘের অন্য খাতে টাকা ব্যবহার করা হয়েছে। বুধবারের মধ্যেই সংঘের অ্যাকাউন্টে সব টাকা ফেরত দেওয়া হবে। সংঘের নির্দিষ্ট খাতের টাকা অন্য খাতে ব্যবহার করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।
ঝাড়গ্রামের বিডিও জয় আহমদ বলেন, মধ্যস্থতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে। সংঘের সম্পাদিকা টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। সমস্যার জট কাটাতে বোর্ডের সদস্যদের নিয়ে বৈঠকে বসব। নিজস্ব চিত্র