Bartaman Logo
২২ জুন, ২০২৬

অযোধ্যার রামমন্দিরে দুর্নীতি: সিসি ক্যামেরার ফুটেজ নষ্টের অভিযোগ

অযোধ্যার রামমন্দিরে দুর্নীতির অভিযোগে সিসি ক্যামেরার ফুটেজ নষ্ট হয়েছে। তদন্তে অসঙ্গতি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিস্তারিত পড়ুন।

অযোধ্যার রামমন্দিরে দুর্নীতি: সিসি ক্যামেরার ফুটেজ নষ্টের অভিযোগ
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: সর্ষের মধ্যেই ভূত! অযোধ্যার রাম মন্দিরে প্রণামী লোপাটের অভিযোগ ঘিরে নানান চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এরমধ্যে ঘটনায় তথ্যপ্রমাণ সংগ্রহেও তদন্তকারীদের বিঘ্নের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। সূত্রের খবর, মন্দিরের সিসি ক‌্যামেরার ফুটেজ নষ্ট করা হয়েছে। এব্যাপারে ইতিমধ্যে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়েছে। যতটা সম্ভব তথ্য পুনরুদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন আধিকারিকরা। মন্দিরের কর্মীদের বয়ানেও বেশ কিছু অসঙ্গতি মিলেছে। সেই বিষয়টি নিয়ে কাটাছেঁড়া চালাচ্ছে সিট।  

Advertisement

এরমধ্যে রাজনৈতিক তরজাও তুঙ্গে। একের পর এক অসঙ্গতির চিত্র তুলে ধরে সরব হয়েছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। এবার ময়দানে নেমেছেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার। এদিন তিনি বলেন, ‘উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিষয়টিকে ইস্যু করতে চাইছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। ওরা বিজেপিকে নিশানা করছে। আসলে ওরা রামকে ভক্তি করে না। মাথায় রাখবেন, সমাজবাদী পার্টির সরকারের আমলেই ১৯৯০ সালে অযোধ্যায় করসেবকদের উপর গুলি চালানো হয়েছিল। আর কংগ্রেস তো প্রাণপ্রতিষ্ঠার সময় আমন্ত্রণপত্র গ্রহণ করেনি।’  
তবে বিরোধী শিবিরও সুর চড়িয়েছে। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রামমন্দির পরিদর্শন নিয়েও বিতর্ক চরমে। শুক্রবার রামমন্দিরে হাজির হয়ে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন যোগী। এরপরই আক্রমণ শানিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তাঁর বক্তব্য, শুক্রবারের ওই অনুষ্ঠানটি হঠাৎ করেই পরিকল্পনা করা হয়েছিল নাকি সিট গঠনের দিনই সব আগে থেকে ঠিক করা হয়েছিল? তদন্তকে কোনোভাবে প্রভাবিত করা উচিত নয়। ওইদিন অবশ্য মুখ্যমন্ত্রীকে বড্ড হতাশ দেখাচ্ছিল। তাঁর কথায় আত্মবিশ্বাসের অভাব ছিল। সিটের উদ্দেশে বলতে চাই, সতর্ক থাকুন। তদন্তের রিপোর্ট যেন চুরি না হয়ে যায়। তারপর বলবেন আরও ১৫ দিন অপেক্ষা করুন। আর দিন বাড়লেই প্রমাণ লোপাটের খেলা চলবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ