সংকটে নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুট্টার দাম হু হু করে বাড়ছে। আর তার জেরে চরম সংকটে পড়েছে দেশের পোলট্রি শিল্প। এর বড়ো কারণ ইথানল। পেট্রলে ইথানল মেশানোর জন্য যে হারে ভুট্টা চলে যাচ্ছে, তাতে মুরগির খাবারের জন্য ভুট্টা মিলছে না। ফলে ডিম আর মুরগির মাংসের দাম আরও বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট মহলের দাবি, গতবছর এইসময় ভুট্টা ছিল কেজি প্রতি ১৮ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৩৪ টাকা। মাত্র একমাস আগেও ছিল ২৬-২৭ টাকা। শিল্পমহলের আশঙ্কা, ডিসেম্বরের মধ্যে দাম ৪০ টাকা ছুঁয়ে ফেলতে পারে। ভাঙা চালের দামও গতবছর নভেম্বরে ১৪-১৫ টাকা থেকে বেড়ে এখন ৩১-৩২ টাকা হয়েছে। কেন বাড়ছে ভুট্টার দাম? দুটি কারণ একসঙ্গে কাজ করছে। এক, খারিফে ভুট্টার উৎপাদন কমার আশঙ্কা। মহারাষ্ট্র ও কর্ণাটকের মতো বড়ো ভুট্টা চাষের রাজ্যে বৃষ্টি কম হয়েছে। ফলে দেশে খারিফ ভুট্টার উৎপাদন ১৫ থেকে ১৬ শতাংশ কমতে পারে বলে মনে করছে শিল্পমহল। দুই, ইথানলের জন্য ভুট্টার চাহিদা। পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর লক্ষ্য পূরণ করতে এখন ভুট্টাই প্রধান ভরসা। তেল সংস্থাগুলির তাদের ইথানলের ৫৯ শতাংশ পেতে চায় ভুট্টা থেকে। গতবছর তা ছিল ৪৫ শতাংশ। মোট ভুট্টা উৎপাদনের প্রায় ৩৭ শতাংশ এখন চলে যাচ্ছে ইথানল কারখানায়। ২০২২ সালে ভুট্টা থেকে ইথানল ছিল মাত্র ১০ লক্ষ টন, এখন তা প্রায় ১ কোটি ৭০ লক্ষ টন। অর্থাৎ একই ভুট্টার জন্য লড়াই চলছে পোলট্রি খামারি আর ইথানল কারখানার মধ্যে। কারণ মুরগির খাবারের ৫৫-৬৫ শতাংশই ভুট্টা।
খামারের মালিকরা বলছেন, ভুট্টার দামের নিরিখে এখনো মুরগির মাংসের দাম সেভাবে বাড়েনি। বড়ো লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। কিন্তু এভাবে ব্যবসা চালানো কঠিন হবে আগামী দিনে।
ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদনমোহন মাইতি বলেন, পোলট্রি শিল্পে খাদ্যের যে সংকট রয়েছে সে ব্যাপারে কেন্দ্র ও রাজ্য সরকার ওয়াকিবহাল। আমরাও সরকার পক্ষকে যা জানানোর জানিয়েছি। আগামী এপ্রিল পর্যন্ত যতটা ভুট্টার প্রয়োজন, তার চেয়ে ৭ লক্ষ মেট্রিক টন কম উৎপন্ন হয়েছে এবার। আমরা সরকারকে বলেছি, দুটি রাস্তা খোলা আছে। হয় ভুট্টা আমদানি করতে হবে, অথবা সরকারের ঘরে জমে থাকা চাল, যা দীর্ঘদিন মজুত করার কারণে মানুষের ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে, সেগুলি পোল্ট্রি শিল্পকে দিতে হবে। কারণ ভুট্টার বদলে ভাঙা চাল বা খুদ মুরগির খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। যদি পশুখাদ্যের জোগান না মেলে তাহলে আমরা পোল্ট্রি ফার্ম বন্ধ করে দিতে বা উৎপাদন অনেকটাই কমাতে বাধ্য হব। পোল্ট্রি ব্যবসায়ীদের মতামত, খাবারের জোগান কমলে মুরগির জোগানও কমতে বাধ্য। এক্ষেত্রে মুরগির মাংস ও ডিমের দাম বৃদ্ধি এড়ানো যাবে না কোনোভাবেই।



