রামকুমার আচার্য, আরামবাগ: সরাসরি দোকানে না গিয়ে এবার মোবাইল অ্যাপের মাধ্যমে আগাম বুকিং করে কেনা যাবে সার। আলু ও বোরো চাষের মরশুমে আরামবাগ মহকুমা সহ হুগলি জেলায় এই পদ্ধতি শুরু হতে চলেছে। আগামী ৮ডিসেম্বর থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে কিনতে হবে চাষের সার। প্রশাসন জানিয়েছে, মোবাইল অ্যাপটির নাম এফএফএস( ফ্রেম ওয়ার্ক ফর ফার্টিলাইজার সেল )। দোকানে গিয়ে লম্বা লাইন দিয়ে চাষিদের আর সার কিনতে হবে না। দুর্ভোগ মেটাতে পছন্দমতো দোকান থেকেই অনলাইনে সার বুকিং করতে পারবেন চাষিরা। বুকিংয়ের দু’দিনের মধ্যে সংশ্লিষ্ট দোকানে গিয়ে চাষিকে সার কিনে নিতে হবে।
কৃষিদপ্তরের এক আধিকারিক বলেন, চাষিদের সার না পাওয়ার অনিশ্চয়তা দূর হবে এই মোবাইল অ্যাপের মাধ্যমে। তাঁরা বাড়ির নিকটবর্তী দোকানের সার অ্যাপের মাধ্যমে আগাম বুকিং করে নিতে পারবেন। একই সঙ্গে জমিতে অতিরিক্ত সারের প্রয়োগেও নিয়ন্ত্রণ হবে। তারসঙ্গে সারের কালোবাজারির মুখেও পড়তে হবে না। চাষিরা এমআরপি রেটেই সার পেয়ে যাবেন। দেশের অন্যান্য কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই এই অ্যাপের মাধ্যমে সার কেনার কাজ চলছে। রাজ্যে ধাপে ধাপে তা শুরু হচ্ছে।
জানা গিয়েছে, নতুন এই ব্যবস্থাপনায় চাষিদের সার পেতে গেলে ‘এগ্রি স্ট্যাক কৃষক আইডি’ তৈরি করা জরুরি। এই আইডি থাকলে আলাদা করে আর কোনো নথি লাগবে না। এক্ষেত্রে চাষিদের অ্যাপের মাধ্যমে সার কেনার প্রক্রিয়াও জানিয়েছে হুগলি জেলা প্রশাসন।
চাষিদের প্রথমে স্মার্টফোনে সংশ্লিষ্ট অ্যাপটি ইন্সটল করতে হবে। তারপর সেখানে আধার নম্বর লিংক রয়েছে এমন মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সফল হলে সেখানে চাষিদের জমির তথ্য ও পরিমাণ পূরণ করতে হবে। নিজস্ব জমি না থাকলে ভাগচাষি হিসাবেও বিশদ তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে ওই অ্যাপে। এরপর কোন চাষের জন্য কত পরিমাণ সার প্রয়োজন, তা উল্লেখ করা যাবে। একইসঙ্গে নিকটবর্তী পছন্দমতো দোকান থেকে সার কেনার জন্য বুকিং করে নিতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে একটি কিউআর কোড জেনারেট হবে। তার স্ক্রিন শট নিয়ে বাছাই করা দোকানে ৪৮ ঘণ্টার মধ্যে গেলে সার মিলবে। অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে সার কিনতে সহযোগিতার জন্য সমবায় সমিতি, এফপিও সহ ব্লক কৃষিদপ্তরে যেতে পারেন চাষিরা।
আরামবাগ ব্লকের সার ও কীটনাশক রিটেলার সংগঠনের সভাপতি প্রবীর কুমার দে বলেন, সরকারের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। এরফলে মাটিতে যথেচ্ছভাবে সারের প্রয়োগ নিয়ন্ত্রণ হবে। মাটি যেমন ভাল থাকবে, একইসঙ্গে চাষিরও ভালো হবে। তবে অ্যাপের মাধ্যমে সার কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে চাষিদের হাতে কলমে বোঝানোর পাশাপাশি মাইকিং করা প্রয়োজন।
কৃষিদপ্তরের এক আধিকারিক বলেন, ইতিমধ্যেই ব্লকগুলিতে সারের ডিলারদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। পরে চাষিদেরও এষিয়ে বিশদে জানানো হবে।
চাষিরা মনে করছেন, এর ফলে সারের কালোবাজারি কমবে। বেশি দাম দিয়ে সার কিনতে হবে না। তবে অনেক চাষিই মোবাইলের বিষয়ে অতটা সড়গড় নন। ফলে বুকিং করতে গিয়ে সমস্যায় পড়তে হবে। বুকিং ছাড়া যদি সার একদমই না পাওয়া যায়, তাহলে সমস্যা হবে।



