সংবাদদাতা, গঙ্গারামপুর: বোল্লা মায়ের আগমনে হাসি ফুটেছে গঙ্গারামপুরের দই ব্যবসায়ীদের মুখে। সারা বছর চৌপথী এলাকার দোকানগুলিতে যে পরিমাণ দই বিক্রি হয়, বোল্লা কালীপুজোকে ঘিরে মাত্র চার দিনে তার প্রায় তিনগুণ বেচাকেনার আশা করছেন ব্যবসায়ীরা। শুক্র থেকে সোমবার ২৪ ঘণ্টা করে দোকান খোলা রেখে ক্রেতাদের চাহিদা মেটাতে তাঁরা প্রস্তুতি নিয়েছেন। নাওয়াখাওয়া ভুলে চলছে দই তৈরির কাজ। পুজো দিতে আসা ভিন জেলার পাশাপাশি ভিনরাজ্যের পুণ্যার্থীদের ভিড়ে চার দিন জমজমাট হয়ে ওঠে গঙ্গারামপুর চৌপথীর দইয়ের দোকানগুলি।
বোল্লা কালীপুজোকে সামনে রেখে গঙ্গারামপুরের নয়াবাজারের দই প্রস্তুতকারীরা এবার চার ধরনের দই তৈরি করেছেন। চন্দ্রচূড় দই, ক্ষীর খাসা, সাধারণ ক্ষীর দই ও স্পেশ্যাল ক্ষীর দই। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে এই আয়োজন। গঙ্গারামপুরের ক্ষীর দইয়ের খ্যাতি উত্তর ও দক্ষিণবঙ্গ ছাড়িয়ে রাজ্যের বাইরেও ছড়িয়েছে। উত্তরবঙ্গের অন্যতম বোল্লা কালীপুজো ও মেলাকে কেন্দ্র করে প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিনরাজ্য থেকে বহু ভক্তের সমাগম হয়। মায়ের পুজো সেরে বাড়ি ফেরার পথে ৫১২ নম্বর জাতীয় সড়কের পাশে গঙ্গারামপুর চৌপথী থেকে ক্ষীর দই কিনে নিয়ে যান অনেকেই।ক্রেতাদের চাহিদা অনুযায়ী গোডাউন থেকে ক্যুইন্টাল ক্যুইন্টাল দই দোকানে আনা হচ্ছে। পুজোর মরশুমে প্রতি কেজি দই ১৪০-১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। চার দিনের এই বিশেষ বেচাকেনায় কয়েক লক্ষ টাকার ব্যবসার প্রত্যাশা করছেন একেকজন বিক্রেতা।
চৌপথী এলাকার দই ব্যবসায়ী প্রভাত ঘোষ বলেন, সারা বছর দোকানে বসে যে ব্যবসা হয়, মায়ের আগমনে চার দিনে তার প্রায় তিনগুণ বেচাকেনা হয়। পুজোকে সামনে রেখে চৌপথীর সব দোকানই ২৪ ঘণ্টা খোলা রাখা হচ্ছে। এবার চার দিনে প্রায় ১০০০ ক্যুইন্টাল দুধের দই তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছি। গ্রামের বিভিন্ন এলাকা থেকে দুধ সংগ্রহ করা হচ্ছে।শিলিগুড়ির বাসিন্দা অঞ্জনা গুহ বলেন, মায়ের কাছে পুজো দিয়ে বাড়ি ফিরছি। গঙ্গারামপুরের দইয়ের অনেক নাম শুনেছি। পুজো দিয়ে ফেরার পথে দই কিনে নিয়ে যাচ্ছি। হাতের কাছেই গঙ্গারামপুরের দই পেয়ে যাওয়ায় সুবিধা হয়েছে।



