গৃহস্থালীর রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে হোটেল, ফার্স্টফুডের দোকানে, তেহট্টে একাধিক দুর্ঘটনা ঘটলেও রমরমিয়ে চলছে কারবার
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তেহট্ট: গৃহস্থালীতে ব্যবহারের জন্য সরকার নির্ধারিত ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস ঘুরপথে পৌঁছে যাচ্ছে হোটেল, রেস্তরাঁ, মিষ্টির দোকান থেকে শুরু করে ফাস্টফুডের স্টলে। শুধু তাই নয়, বড় সিলিন্ডার থেকে বিশেষ পদ্ধতিতে ছোট ছোট সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস ভরে চলছে ‘কাটা গ্যাস’-এর কারবার। সরকারি নিয়মের তোয়াক্কা না করে বাড়তি মুনাফার আশায় চলা এই অবৈধ ব্যবসা একদিকে যেমন রাজস্বের ক্ষতি করছে, অন্যদিকে তেমনই বাড়াচ্ছে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের আশঙ্কা। তেহট্ট মহকুমার বিভিন্ন থানা এলাকায় এই কারবার ঘিরে উদ্বেগ বাড়ছে। বেশ কয়েক বছর আগে তেহট্ট থানার একটি মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকানের মালিক-সহ পাঁচজন ঝলসে যান। তার কয়েক মাস আগে মুরুটিয়া থানা এলাকার একটি দোকানেও সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিলেন এক ব্যক্তি। করিমপুর, হোগলবেড়িয়া-সহ মহকুমার বিভিন্ন থানা এলাকাতেও গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনার একাধিক ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এমন বেশ কিছু দুর্ঘটনার নেপথ্যে ছিল বাণিজ্যিক সিলিন্ডারের পরিবর্তে ভর্তুকিযুক্ত গৃহস্থালির গ্যাসের ব্যবহার। পাশাপাশি, বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে বেআইনিভাবে গ্যাস ভরার প্রবণতাও বিপদের অন্যতম কারণ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই কারবারের সঙ্গে এক শ্রেণির অসাধু উপভোক্তা এবং ব্যবসায়ী যুক্ত। কীভাবে চলে এই চক্র? নাম প্রকাশে অনিচ্ছুক এক কাটা গ্যাস ব্যবসায়ীর দাবি, বছরে নির্দিষ্ট সংখ্যক ভর্তুকিযুক্ত সিলিন্ডার পাওয়ার সুযোগকে কাজে লাগানো হয়। অনেক গ্রামীণ পরিবারের প্রতি মাসে গ্যাসের প্রয়োজন হয় না। সেই সুযোগে তাঁদের নামে বুকিং করা সিলিন্ডার পৌঁছে যায় অসাধু ব্যবসায়ীদের হাতে। অভিযোগ, এই লেনদেনে এক শ্রেণির গ্যাস সরবরাহকারীরও যোগ রয়েছে। সিলিন্ডার সরবরাহের বিনিময়ে বাড়তি টাকা দেওয়া হয় তাঁদের। এক রেস্তরাঁ মালিকের কথায়, বাণিজ্যিক সিলিন্ডারের তুলনায় গৃহস্থালির সিলিন্ডারের গ্যাস অনেক কম দামে পাওয়া যায়। গ্যাসের দাম ক্রমশ বাড়ায় খরচ কমাতে অনেকেই সেই পথে হাঁটছেন। তবে এই প্রবণতা যে বেআইনি এবং বিপজ্জনক, তা মানতে নারাজ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের একাংশ। নিয়ম অনুযায়ী, ভর্তুকিযুক্তগৃহস্থালির সিলিন্ডার শুধুমাত্র বাড়ির রান্নার কাজেই ব্যবহার করা যায়। হোটেল, রেস্তরাঁ বা অন্য কোনও বাণিজ্যিক প্রতিষ্ঠানে রান্নার জন্য ব্যবহার করতে হয় নির্ধারিত বাণিজ্যিক সিলিন্ডার। সেখানে কোনও সরকারি ভর্তুকি মেলে না। কিন্তু বাড়তি খরচ এড়াতে বিভিন্ন খাবারের দোকানে গৃহস্থালির সিলিন্ডার ব্যবহারের অভিযোগ উঠছে। অন্যদিকে, বড় সিলিন্ডার থেকে বিশেষ পদ্ধতিতে দুই ও পাঁচ কেজির ছোট সিলিন্ডারে গ্যাস ভরে বিক্রি করা হচ্ছে। এই সিলিন্ডারগুলিইএলাকায় ‘কাটা গ্যাস’ নামে পরিচিত। যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছাড়া এভাবে গ্যাস স্থানান্তর অত্যন্ত বিপজ্জনক। সামান্য অসতর্কতায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। জেলা এনফোর্সমেন্টব্রাঞ্চের তরফে বিভিন্ন সময়ে একাধিক জায়গায় অভিযান চালানো হলেও অবৈধ কারবার পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ। এমনকি জনবহুল এলাকা ও প্রশাসনিক দপ্তরের আশপাশের দোকানেও এই কারবার চলার অভিযোগ উঠেছে। জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এক আধিকারিক বলেন, অভিযোগ পেলেই অভিযান চালানো হয়। লাগাতার অভিযানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিপুল সংখ্যক সিলিন্ডারও বাজেয়াপ্ত হয়েছে। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে। তবে শুধু অভিযান চালিয়েই এই কারবার বন্ধ করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। নিয়মিত নজরদারি, অবৈধ গ্যাসের উৎস চিহ্নিত করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের আশঙ্কা, বড় কোনও দুর্ঘটনা ঘটার আগে এই বিপজ্জনক কারবারে লাগাম টানা জরুরি।

Advertisement