নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রাসমেলায় অমিল দার্জিলিংয়ের কমলালেবু। রবিবারের ছুটির দিনে উপচে পড়া ভিড়ে ভুটানের কমলাকে টেক্কা দিল নাগপুরের কমলা। স্বাদের পাশাপাশি দামেও ভুটানকে পিছনে ফেলেছে নাগপুরী কমলা।
পঞ্চানন বর্মার মূর্তির উলটো দিকের গেট দিয়ে রাসমেলায় ঢুকে কয়েক পা এগলেই বাঁ দিকে দেখা যাবে লাইন দিয়ে বসে আছেন ফল বিক্রেতারা। রাসমেলায় ফলের দোকান দিয়েছেন টাকাগাছ অঞ্চলের বাসিন্দা রাজু হোসেন। রাজু বলেন, মেলায় প্রতিবছর দার্জিলিংয়ের কমলালেবুর খুব চাহিদা থাকে। কিন্তু, এ বছর এখনও দার্জিলিংয়ের লেবু আসেনি। ক্রেতারা প্রথমে দার্জিলিংয়ের কমলালেবু খোঁজ করলেও দিতে পারছি না। আপাতত নাগপুরের লেবুতেই তাঁরা সন্তুষ্ট থাকছেন।
রাসমেলায় নাগপুরের কমলার চার রকমের ভ্যারাইটি এসেছে। একদম ছোটো আকারের কমলা বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। এরপর রয়েছে ৪০ টাকা, ৫০ টাকা ও ৬০ টাকা কেজি দরের কমলা। ফল বিক্রেতার কথায় মূলত সাইজের উপর ভিত্তি করেই দামের এই হেরফের। তবে ছোটো লেবু হোক বা বড়ো, স্বাদে সবটারই অত্যন্ত মিষ্টি।
রবিবারের দুপুরে ছেলেকে নিয়ে কমলালেবু কিনতে আসেন অতসী দাস। তিনি বলেন, দু’দিন আগে নাগপুরের লেবু কিনেছিলাম। এত মিষ্টি ছিল যে এদিন আরও কয়েক কেজি কমলা কিনলাম।
তবে আকারে ছোটো হলেও ২০ টাকা কেজি দরের নাগপুর কমলালেবুর চাহিদা বেশি। ফল বিক্রেতারা বলেন, সাধ্যের মধ্যে দাম হওয়ায় অনেকেই ২০ টাকা দরের লেবুটাই বেশি কিনছেন। কারণ, বড়ো কিংবা ছোটো, মিষ্টি সব কমলাই।
এছাড়াও কোচবিহার রাসমেলায় পাওয়া যাচ্ছে ভুটানের ফুন্টসোলিং এবং কালীখোলার কমলালেবু। কালীখোলার কমলার দাম ৫০-৬০ টাকা প্রতি কেজি। ফুন্টসোলিংয়ের কমলালেবুর দাম ৭০-৮০ টাকা কেজি। মেলায় আসা কিছু সংখ্যক মানুষ আবার ভুটান ছাড়া অন্য কোনো এলাকার কমলালেবু কিনতে নারাজ। • নিজস্ব চিত্র।



