নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ভোজ্যতেল ও তৈলবীজ উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে রাজ্যে শীর্ষস্থান পেল মুর্শিদাবাদ জেলা। ‘ন্যাশনাল মিশন অন এডিবল অয়েলস-অয়েল সিডস’ প্রকল্পের অধীনে সরষে চাষের জোর দিয়েছে মুর্শিদাবাদ জেলার কৃষিদপ্তর। চাষের পাশাপাশি প্রদর্শনী ক্ষেত্র গড়ে তোলার নিরিখে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই জেলা প্রথম স্থানে উঠে এসেছে।
জেলা কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, তৈলবীজ উৎপাদনে স্বনির্ভর হওয়ার উদ্দেশ্যে জেলাজুড়ে মোট ৩৮ হাজার হেক্টর জমিতে সরষে চাষের বিশেষ প্রদর্শনী ক্ষেত্র গড়ে তোলা হয়েছে। এর মধ্যে ৩৩ হাজার হেক্টর জমিতে চাষের কাজ করেছে বিভিন্ন কৃষক গোষ্ঠী, ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন বা এফপিও এবং সমবায় সমিতিগুলি। রাজ্যের আর কোনো জেলায় এত বিপুল পরিমাণ জমিতে এই প্রকল্পের অধীনে সরষে প্রদর্শনী ক্ষেত্র তৈরি হয়নি।
প্রকল্পের আর্থিক অগ্রগতিও যথেষ্ট আশাব্যঞ্জক। কৃষি বিশেষজ্ঞদের মতে, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সমবায় ও কৃষক গোষ্ঠীগুলির সক্রিয় অংশগ্রহণের ফলেই এই সাফল্য মিলেছে। প্রদর্শনী ক্ষেত্রের মাধ্যমে উন্নত মানের বীজ ও আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রয়োগ হওয়ায় আগামী দিনে জেলায় সরষে ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমার পাশাপাশি জেলার কৃষকদের আর্থিক শ্রীবৃদ্ধিও ঘটবে বলে আশাবাদী প্রশাসন। প্রতিবছর ভালো দামে বিক্রি হয় সরষে।
পাশাপাশি কোনো চাষি এই সরষে দিয়ে যদি নিজেই ভোজ্যতেল তৈরি করতে চান, সেজন্য তেলের মিল বানানোর সুবিধা দিচ্ছে সরকার। কৃষিদপ্তরের মাধ্যমে ওই চাষিকে ৩৩ শতাংশ ভর্তুকি দেবে। সে ক্ষেত্রে সর্বাধিক ৯ লক্ষ ৯০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে। এই প্রকল্পে জেলায় ছ’ জন আবেদন করেছে। এক চাষি মিল তৈরিতে এগিয়েও এসেছেন বলেই জানা গিয়েছে।
কৃষিদপ্তরের এক আধিকারিক বলেন, জাতীয় ভোজ্য তেল মিশনে (তৈল বিজ) সবথেকে এগিয়ে আমাদের জেলা। ফলন ভালো হলে এবার আমাদের টার্গেটের বেশি সরষে উৎপাদন হবে। চাষিরা এই চাষে উৎসাহ পাচ্ছে। সেজন্য প্রতিবছরই আমাদের জমির পরিমাণ বাড়ছে। আমাদের লাগাতার প্রচারের ফলে অনেকেই গমের বদলে এই চাষে আগ্রহী হচ্ছেন। ভোজ্যতেল আমদানি কমাতে ও দেশীয় উৎপাদন বাড়াতে উন্নত জাতের বীজ, প্রশিক্ষণ এবং সহায়ক মূল্যের মাধ্যমে চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গেও ব্লাস্ট রোগ সহ বিভিন্ন কারণে অতীতে গমের বদলে সর্ষে ও অন্যান্য বিকল্প ফসলে জোর দেওয়া হয়েছে।
এদিকে চাষিরা জানান, এক হেক্টর জমিতে সরষে চাষে খরচ হয় মোটামুটি ৫০ হাজার থেকে ৫৫ হাজার টাকা। ফলন হয় গড়ে ১৫০০ কেজি। দাম মোটামুটি ভালো মেলে।
হরিহরপাড়ার চাষি সফিকুল ইসলাম বলেন, এক বিঘা জমিতে সরষে চাষ করতে ৬০০ গ্রাম থেকে এক কেজি বীজের প্রয়োজন। বীজের দাম পড়ে কেজিতে প্রায় এক হাজার টাকা। সবথেকে সুবিধা হল সেচের খরচ হয় না। কারণ এতে খুব বেশি জলের প্রয়োজন হয় না। দু’ বার সেচ দিলেই হয়। সামান্য বৃষ্টি হলেই সেচের কাজ হয়ে যায়। তা ছাড়া আমন ধান কাটার পরে মাটিতে যে আর্দ্রতা থাকে, তাতেও সরষের বৃদ্ধি ঘটে।
ইসলামপুরের চাষি আব্দুল শেখ বলেন, সরষে জমিতে বীজ ফেলা থেকে সেচের জল, সার, গাছ কাটা— সব মিলিয়ে খরচ হয় চার থেকে সাড়ে চার হাজার টাকার মতো। আর এক বিঘা জমিতে সব থেকে কম করে প্রায় দেড় কুইন্টাল ফলন হতে পারে।



