নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার পুরসভার মিউটেশন ও ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি নিয়ে সম্প্রতি ব্যাপক হইচই হয়েছে। তাই এবার এই দুই বিষয় নিয়ে পুরসভা ত্রিপাক্ষিক বৈঠক করবে। সেই বৈঠকে জেলাশাসক, জেলা ব্যবসায়ী সমিতি ও পুর কাউন্সিলাররা থাকবেন। বুধবার পুরসভার বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। তবে বৈঠকের দিন চূড়ান্ত হয়নি।
অনেকদিন ধরেই পুরসভার বিরুদ্ধে মিউটেশন ও ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধির অভিযোগ তুলে আসছেন কোচবিহার শহরের ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে গত কয়েকমাসে অনেক জলঘোলা হয়েছে। কিন্তু পুর চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বারবার দাবি করে এসেছেন, পুরসভা কোনও বাড়তি টাকা নেয়নি। ফলে পুরো বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই পরিপ্রেক্ষিতে এবার তিন পক্ষকে নিয়ে বসতে চলেছে পুরসভা।
এছাড়াও শহরের জঞ্জাল অপসারণ নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা হয়। জঞ্জাল অপসারণের জন্য বেশকিছু গাড়ি সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কেনা হবে বলে স্থির হয়েছে। বোর্ড মিটিংয়ে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অভিজিৎ দে ভৌমিক, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা প্রাক্তন পুর চেয়ারম্যান ভূষণ সিং সহ অন্যান্য কাউন্সিলাররা উপস্থিত ছিলেন।
বোর্ড মিটিং চলাকালীন এদিনও অন্যদিনের মতো পুরসভায় গেট মিটিং করেন অস্থায়ী পুরকর্মীরা। পরে তাঁরা চেয়ারম্যান ও কাউন্সিলারদের সঙ্গে দেখা করে বেতন বৃদ্ধির দাবি জানান। আগামী বোর্ড মিটিংয়ে তাঁদের বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। পুরসভা কিছুদিন আগেই অস্থায়ী কর্মীদের নামের তালিকা জমা করেছিল। যাতে অস্থায়ী কর্মীরা অন্যান্য পুরসভার মতো বর্ধিত হারে বেতন পান। সেই তালিকা সরকারি অনুমোদন পেলে যেমন তাঁদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তেমনই পুরসভার আগামী বোর্ড মিটিংয়ে যদি এই বেতন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হয় তাহলেও অস্থায়ী কর্মীরা উপকৃত হবেন। চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পর অস্থায়ী কর্মীরা জানান, লাগাতার চলা তাঁদের গেট মিটিং কর্মসূচি আপাতত তুলে নেওয়া হল।
কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবি ঘোষ বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসা হবে। একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। সেটা মেটানোর চেষ্টা করা হবে। সেখানে ডিএম এবং কাউন্সিলাররা থাকবেন। বোর্ড মিটিংয়ে আলোচনা করেই আয়ের পথ বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতি মাসে ১৪-১৫ কোটি টাকা খরচ হয়। বহু ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স নেই। আমাদের ন্যায্য আয় বাড়াতে হবে। নিজস্ব চিত্র।