সংবাদদাতা, বোলপুর: সংবাদ মাধ্যমে সরাসরি মুখ খোলা নিয়ে নিষেধাজ্ঞা জারি করল বিশ্বভারতী। সেই বিজ্ঞপ্তি ঘিরে ফের শুরু হয়েছে বিতর্ক। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তি বুধবার প্রকাশিত হয়। জারি হওয়া ওই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোনও ছাত্রছাত্রী বা কর্মী সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন না। জনসংযোগ আধিকারিকের মাধ্যমে ও কর্তৃপক্ষের পূর্বানুমতি নিয়ে তবেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলা যাবে— এই কঠোর নিয়ম কার্যকর করল বিশ্বভারতী প্রশাসন। বিষয়টি জানাজানি হওয়ার পরেই বিশ্ববিদ্যালয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। প্রসঙ্গত, বিতর্কিত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে এই ধরনের নিয়ম অধ্যাপক ও কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল ঠিকই, কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এমন নিয়ম কখনও জারি হয়নি বলেই দাবি পড়ুয়াদের। নতুন উপাচার্য প্রবীরকুমার ঘোষের আমলেও ছাত্রছাত্রীদেরও মুখ বন্ধের এই নির্দেশ অনেকের কাছেই অগণতান্ত্রিক এবং উদ্বেগজনক মনে হয়েছে। যা অনেকের মতে অত্যন্ত অগণতান্ত্রিক ও বাকস্বাধীনতার পরিপন্থী। অনেকেই প্রশ্ন তুলেছেন, শৃঙ্খলার দোহাই দিয়ে মতপ্রকাশের অধিকার খর্ব করা যায় কি? এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে শৃঙ্খলা ভীষণ রকম প্রয়োজন।



