নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বিদ্রোহী কবির জন্মভিটেয় কবি নজরুল ইসলামের সংগ্রহশালার সামগ্রী অন্যত্র নিয়ে যাওয়া বিতর্ক তৈরি হয়েছে। সোমবার জামুড়িয়া থানার চুরুলিয়ায় সাংবাদিক সম্মেলন করেন কাজী নজরুল ইসলামের ভাইপো কাজী আলি রেজা ও সম্পর্কে নাতনি (অন্য ভাইপোর মেয়ে) সোনালি কাজী। তাঁরা অভিযোগ করেন, কাজী নজরুল ইসলামের ব্যবহৃত সামগ্রী চুরুলিয়ায় কবির সংগ্রহশালা থেকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দু’টি লরিতে করে সামগ্রীগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। একটি লরি চলে গিয়েছে। অন্য লরির সামগ্রী তাঁরা ও গ্রামবাসীরা মিলে আটকে দেন। সামগ্রীগুলি পুনরায় সংগ্রহশালায় রেখে দিয়েছেন।
তাঁদের আরও অভিযোগ, কবির জন্মভিটে সংস্কারের কথা থাকলেও তা করা হচ্ছে না। প্রতি বছর নজরুল জয়ন্তির সময়ে জন্মভিটেয় থাকা বাড়িটি রং করা হতো। সংস্কার করা হতো, এবার তাও হয়নি। তাঁরা অভিযোগ তোলেন, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের হাতে নজরুল অ্যাকাডেমি, সংগ্রহশালা তুলে দিয়ে ভুল হয়েছে। তারা এও অভিযোগ করেন, প্রতিদিন কবির ভিটে ও সংগ্রহশালা খোলা থাকছে না। যার জেরে বহু নজরুল অনুগামী কবির সামগ্রী দেখা থেকে বঞ্চিত থাকছেন।
যদিও সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চন্দর কোনার। তিনি বলেন, রাজ্য সরকারের পর্যটন দপ্তর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সংগহশালাটিকে নতুনভাবে সাজিয়ে তোলার কাজে হাত দিয়েছে। সংগ্রহশালা সংস্কারের জন্য কবির ব্যবহৃত সামগ্রীগুলি সুরক্ষিত স্থানে রাখা প্রয়োজন। আমরা সেই কাজই করছিলাম। এই কাজে আমাদের প্রতি আস্থা রেখেছেন কবির একমাত্র জীবিত নাতি অরিন্দম কাজী। দ্বিতীয়ত, পর্যটন দপ্তর কবির জন্মভিটেয় নতুন বাড়ি নির্মাণ করবে। কবির সেই সময়ে যেমন বাড়ি ছিল, সেই আদলেই বাড়িটি নির্মাণ করা হবে। পুরনো বাড়িটি যেটি পরে নির্মিত হয়েছিল, তা ভেঙে ফেলা হবে। তাই নতুন করে তা সংস্কার করা হয়নি। তিনি আরও বলেন, একটি পরিবার কবির সবকিছু কুক্ষিগত করে রাখতে চাইছে। বিশ্ববিদ্যালয় তাঁদের কাছে মাথা নত না করার জন্যই এই অভিযোগ তোলা হচ্ছে। -নিজস্ব চিত্র