Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্রমিকদের বকেয়া না মিটিয়েই উধাও ঠিকাদার সংস্থা, অভিযোগ

নিতুড়িয়ার মদনডি এলাকায় একটি ইস্পাত প্রস্তুতকারক কারখানায় দায়িত্বপ্রাপ্ত একটি ঠিকাদার সংস্থা শ্রমিকদের প্রাপ্য না মিটিয়ে উধাও হয়ে গিয়েছে।

শ্রমিকদের বকেয়া না মিটিয়েই উধাও ঠিকাদার সংস্থা, অভিযোগ
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: নিতুড়িয়ার মদনডি এলাকায় একটি ইস্পাত প্রস্তুতকারক কারখানায় দায়িত্বপ্রাপ্ত একটি ঠিকাদার সংস্থা শ্রমিকদের প্রাপ্য না মিটিয়ে উধাও হয়ে গিয়েছে। শুধু তাই নয় কারখানার ক্যান্টিনে খাবারের বিল পর্যন্ত মিটিয়ে দেওয়া হয়নি। ফলে ওই ঠিকাদার সংস্থার কয়েক লক্ষ টাকা বকেয়া পড়ে রয়েছে। এই অভিযোগ তুলে কারখানার তরফ থেকে রবিবার ওই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঠিকাদার সংস্থার মালিকের বিরুদ্ধে লিখিতভাবে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

Advertisement

কারখানার এইচআর মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় বলেন, বিহারের একটি ঠিকাদার সংস্থাকে কারখানায় কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ওই ঠিকাদার সংস্থার অধীনে কাজ করার শ্রমিকরা এক মাসের বেতন পাননি। কারখানা ক্যান্টিনের বিল পর্যন্ত বাকি রয়েছে। ওই ঠিকাদার সংস্থার মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে।
কারখানার একটি সূত্র থেকে জানা গিয়েছে, কারখানার পাশেই একটি সহযোগী কারখানা ছিল। বর্তমানে সেটি নতুন করে গড়ে তোলার প্রয়োজন হয়। তাই কারখানার ওই অংশটি ভাঙার জন্য বিহারের চম্পারন জেলার পড়সা এলাকার এক ঠিকাদারকে কাজের বরাত দেওয়া হয়েছিল। কাজ করার জন্য তাকে আগাম ২৩ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। অভিযোগ, ওই টাকা পাওয়ার পরেই ঠিকাদার সংস্থা কাজ শুরু করে। কিন্তু মাঝপথে কাজ ছেড়ে পালিয়ে যায়। ফলে ওই ঠিকাদারের তত্ত্বাবধানে কাজ করা শ্রমিকদের জুলাই মাসের কয়েক লক্ষ টাকা বেতন বাকি রয়েছে। শুধু তাই নয়, কারখানার ক্যান্টিনে জল খাবার এবং অসুস্থকর্মীদের চিকিৎসা বাবদ প্রায় চার লক্ষ টাকা বকেয়া রেখে দিয়েছে। বর্তমানে ঠিকাদারের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। কারখানার এক আধিকারিক জানিয়েছেন, ওই ঠিকাদার চলে যাওয়ার পরেই শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা প্রায় দিন কারখানার সামনে ঝামেলা করছে। তাই ওই ঠিকাদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। 
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঠিকাদারের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ