Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে ‘নিজশ্রী’র ফ্ল্যাট দ্রুত হস্তান্তরের দাবি উপভোক্তাদের

বিষ্ণুপুরে দেড় বছর আগে নিজশ্রী প্রকল্পের ফ্ল্যাট তৈরির কাজ সম্পূর্ণ হলেও আজও চাবি হাতে না পাওয়ায় ক্ষুব্ধ উপভোক্তারা।

বিষ্ণুপুরে ‘নিজশ্রী’র ফ্ল্যাট দ্রুত হস্তান্তরের দাবি উপভোক্তাদের
  • ১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরে দেড় বছর আগে নিজশ্রী প্রকল্পের ফ্ল্যাট তৈরির কাজ সম্পূর্ণ হলেও আজও চাবি হাতে না পাওয়ায় ক্ষুব্ধ উপভোক্তারা। তাঁদের অভিযোগ, টাকা মেটানোর পরেও সরকার ফ্ল্যাটের চাবি হস্তান্তর করতে গড়িমসি করছে। তাই অবিলম্বে ফ্ল্যাটের চাবি হাতে পাওয়ার দাবিতে তাঁরা সরব হয়েছেন। বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বলেন, উপভোক্তারা নিজশ্রী প্রকল্পের ফ্ল্যাটের চাবি হস্তান্তরের জন্য আবেদন করেছেন। তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, শহরে বসবাসের জন্য সাধারণ মানুষকে সস্তায় ফ্ল্যাট দিতে রাজ্য সরকার কয়েক বছর আগে ‘নিজশ্রী’ আবাসন প্রকল্প ঘোষণা করে। আবাসন দপ্তর থেকে প্রথম পর্যায়ে আসানসোল, শিলিগুড়ি ও হলদিয়ায় প্রস্তাবিত প্রকল্পের বিজ্ঞপ্তি দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে কোচবিহার, মেদিনীপুর, খড়্গপুর, অশোকনগর, দুর্গাপুরে এবং ২০১৯ সালে তৃতীয় পর্যায়ে কল্যাণী ও বিষ্ণুপুরে প্রস্তাবিত স্থান চিহ্নিত করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিষ্ণুপুর শহরের বিডিও অফিস রোডে সরকারি হাউজিং কমপ্লেক্সের মধ্যে জায়গা চিহ্নিত হয়। প্রকল্পে মোট ১বিএইচকে এবং ২বিএইচকে মিলিয়ে মোট ৬০টি ফ্ল্যাট তৈরির সিদ্ধান্ত হয়। তারমধ্যে প্রথম পর্যায়ে ৩১টি ফ্ল্যাট তৈরি হয়। আবেদনের জন্য সরকারের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিচেন ও বাথরুম সহ একটি বেডরুম বিশিষ্ট ৩৭৮বর্গফুট আয়তনের (১বিএইচকে) ফ্ল্যাটের ভতুর্কিযুক্ত দাম ৭লক্ষ ২০হাজার টাকা। কিচেন, বাথরুম সহ দু’টি বেডরুম বিশিষ্ট ৫৫৯ বর্গফুট আয়তনের (২বিএইচকে) ফ্ল্যাটের দাম ৯লক্ষ ২৮হাজার টাকা ঠিক হয়।
প্রকল্পে আবেদনের মাপকাটি হিসাবে ১বিএইচকে ফ্ল্যাটের জন্য ১৫হাজার টাকা এবং ২বিএইচকে ফ্ল্যাটের জন্য ৩০হাজার টাকার কম মাসিক আয় থাকতে হবে। নিজের নামে অথবা পরিবারের নামে কোনও পাকা বাড়ি নেই, এমন পরিবারের যে কোনও পেশার ব্যক্তিকে আবেদনের সুযোগ দেওয়া হয়। আবেদনের পর বিষ্ণুপুরের মহকুমা শাসকের অফিসে লটারির মাধ্যমে ৩১জন উপভোক্তা চিহ্নিত হয়। তাঁরা প্রত্যেকেই ২বিএইচকে ফ্ল্যাটের জন্য আবেদন করেন। সেই মতো তাঁদের কাছ থেকে ধাপে ধাপে নির্দিষ্ট পরিমাণ টাকাও নেওয়া হয়। দেড় বছর আগে ফ্ল্যাট তৈরির কাজও সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু, তারপর কোনও অজানা কারণে, তা আর বিলি করা হয়নি।  উপভোক্তাদের একাংশের বক্তব্য, শহরের প্রায় কেন্দ্রস্থলে বেসরকারি মাধ্যমে নিতে গেলে ২বিএইচকে ফ্ল্যাটের দাম পড়বে প্রায় ২৫ লক্ষ টাকা। সেক্ষেত্রে নিজশ্রী প্রকল্পে একই আয়তনের ফ্ল্যাটের দাম প্রায় এক তৃতীয়াংশ। সেই জন্য আমরা আগ্রহী হয়েছিলাম। পর্যায়ক্রমে টাকাও দেওয়া হয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার পর দেড় বছর কেটে গিয়েছে। আজও আমরা ফ্ল্যাটের চাবি হাতে পেলাম না। প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানিয়েছি। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ