চিত্রগঞ্জ কালীবাড়ির জগন্নাথ মন্দিরের নির্মাণ প্রায় সম্পূর্ণ, ফেব্রুয়ারির মধ্যেই উদ্বোধন
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: বজবজের চিত্রগঞ্জ কালীবাড়ি কমিটি এক ভক্তের বদান্যতায় এক কোটি টাকা খরচ করে একটি জগন্নাথ মন্দির তৈরি শুরু করেছে। এজন্য কালীবাড়ির চত্বরের ভিতরেই জায়গা দেওয়া হয়েছে। কমিটির উপদেষ্টা বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, অনেক দিনের একটা স্বপ্ন ছিল। তা ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। কমিটির সম্পাদক স্মৃতিরঞ্জন ঘোষ বলেন, একবারে পুরীর জগন্নাথ ধামের আদলে এটি হয়েছে। শুধু তাই নয়, পুরীর মন্দির যে পাথর দিয়ে তৈরি সেই পাথরও পুরী থেকে আনা হয়েছে। কাজ করছেন সেখানকার কারিগররা, যাতে কোথাও কোনও ফাঁক না থাকে। তবে যেমন জায়গা পাওয়া গিয়েছে, সেই অনুসারেই এই মন্দিরের আয়তন হচ্ছে।

Advertisement

তিনি বলেন, পুরী থেকে দারুকাঠ এনে আগেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি করা হয়েছিল। কিন্তু এই ত্রিমূর্তির জন্য আলাদা কোনও মন্দির ছিল না। গত বছর যখন নতুন কাঠ দিয়ে রথ তৈরি হল, তখন থেকেই আলাদা মন্দির করার ভাবনা শুরু হয়। মন্দিরের কাজ প্রায় শেষের মুখে। আগামী ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু’টি ভাল দিন পাওয়া গিয়েছে। তার যে কোনও একটিতে মন্দিরে জগন্নাথের প্রতিষ্ঠা পুজন হবে। একই সঙ্গে কালীবাড়িতে একটি অতিথি নিবাস করা হয়েছে। তার উদ্বোধনও হবে।স্মৃতিরঞ্জনবাবু জানান,  একেবারে গঙ্গার ধারে জগন্নাথ ও কালীমন্দির রয়েছে। তার পাশেই অতিথি নিবাস। চোখ জুড়িয়ে যাবে। ভক্ত পর্যটক যাঁরা এখানে খুকি মাকে দর্শন করতে আসবেন, তাঁরা এবার জগন্নাথ দর্শনও  করতে পারবেন। চাইলে এই অতিথি নিবাসে থাকতেও পারবেন। এখানে মায়ের ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। অতিথি নিবাসের ভাড়া এখনও ঠিক হয়নি। তবে দিনপিছু সাতশো থেকে দেড় হাজারের মধ্যে রাখা হবে।  নিজস্ব চিত্র