Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ষাকালের পরই শিলিগুড়ি মোড়ে পুরোদমে বাসস্ট্যান্ড তৈরির কাজ শুরু

নতুন বাসস্ট্যান্ড তৈরির জন্য শিলিগুড়ি মোড়ের চিহ্নিত জমির সরকারিভাবে দখল পেতে চলেছে রায়গঞ্জ পুরসভা।

বর্ষাকালের পরই শিলিগুড়ি মোড়ে  পুরোদমে বাসস্ট্যান্ড তৈরির কাজ শুরু
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: নতুন বাসস্ট্যান্ড তৈরির জন্য শিলিগুড়ি মোড়ের চিহ্নিত জমির সরকারিভাবে দখল পেতে চলেছে রায়গঞ্জ পুরসভা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেই প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে। এ ব্যাপারে রায়গঞ্জ পুরসভার হাতে পুর ও নগরোন্নয়ন দপ্তরের একটি চিঠি এসে পৌঁছেছে। শীঘ্রই শিলিগুড়ি মোড় এলাকার ওই জমিতে নতুন বাসস্ট্যান্ড তৈরির কাজে হাত দেবে রায়গঞ্জ পুর কর্তৃপক্ষ। শনিবার রায়গঞ্জের পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Advertisement

গতবছর উপনির্বাচনের পর থেকেই রায়গঞ্জ শহরের যানজট কমাতে ১৪ নম্বর ওয়ার্ড থেকে পুর বাসস্ট্যান্ড শিলিগুড়ি মোড়ে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু হয়। সেখানে পিডব্লুডির হাতে থাকা ২.৯৫ একর জমি চিহ্নিত হয়। রায়গঞ্জের বিধায়ক, রায়গঞ্জ পুর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন সমন্বয় রেখে সংশ্লিষ্ট দপ্তরে তদ্বির করে। সম্প্রতি পিডব্লুডির হাতে থাকা সেই জমি প্রশাসনিকভাবে হস্তান্তর হয় পুর ও নগরোন্নয়ন দপ্তরের হাতে। যার পরিপ্রেক্ষিতে জমির নথি ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে সংগ্রহ করা ও জমির দখল নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়ে পুরসভাকে চিঠি দিয়েছে ওই দপ্তর। 
সন্দীপের বক্তব্য, বিধায়ক কৃষ্ণ কল্যাণী শহরের যানজট কমাতে পুর বাসস্ট্যান্ড সরানোর ব্যাপারে তৎপর হন। তাঁর কথাতেই পুর প্রশাসক বোর্ড বাসস্ট্যান্ড স্থানান্তরের প্রস্তাব দেয়। এরপর সকলের সমন্বয় ও রাজ্য সরকারের সহযোগিতায় রায়গঞ্জ শহরের এতবড় একটা উন্নয়নমূলক কাজ সম্পন্ন হতে চলেছে। পুরপ্রশাসক বলেন, শুক্রবার জমি হস্তান্তর ও চিহ্নিত জমিটি দখলে নেওয়ার ব্যাপারে পুর ও নগরোন্নয়ন দপ্তরের একটি চিঠি আমরা পেয়েছি। এরফলে আমরা দ্রুত ওই জমিতে নতুন বাসস্ট্যান্ড তৈরির প্রক্রিয়া শুরু করতে পারব। 
ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ২ কোটি ৮৯ লক্ষ টাকার আর্থিক অনুমোদন এসেছে। বিধায়ক তহবিল থেকেও ৪০ লক্ষ টাকা এসেছে। বর্ষা কাটলেই পুরোদমে বাসস্ট্যান্ড তৈরির কাজ শুরু হয়ে যাবে বলে সন্দীপ জানিয়েছেন। বিধায়ক কৃষ্ণর বক্তব্য, নতুন বাসস্ট্যান্ড তৈরির কাজ সম্পন্ন হলে রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের যানজট সমস্যা মিটবে বলে আশা রাখছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ