নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় কোচের জন্য আগেই বিজ্ঞাপন দিয়েছিল ফেডারেশন। সেই মতো প্রায় ১৭০ জনের বায়ো-ডেটা জমা পড়ে। তার মধ্যে থেকে বুধবার টেকনিক্যাল কমিটির বৈঠকে তিনজনকে বেছে নেওয়া হয়। খালিদ জামিলের পাশাপাশি সুনীলদের হেড কোচের দৌড়ে রয়েছেন স্টিফেন কনস্টানটাইন ও স্লোভাকিয়ার স্টেফান টারকোভিচ। তবে বাকি দুই বিদেশি কোচের তুলনায় ফেভারিট খালিদই। একটা সময় ভারতীয় কোচের পদে আন্তোনিও লোপেজ হাবাসের নাম জোরালো হলেও, এদিন বৈঠকে তা খারিজ হয়ে যায়। সূত্রের খবর, স্প্যানিশ কোচের আর্থিক চাহিদা শুনেই পিছু হটেছেন ফেডারেশন কর্তারা। উল্লেখ্য, সঞ্জয় সেন আবেদন করলেও, তাঁর নাম নিয়ে আলোচনাই হয়নি। বাংলাকে সন্তোষ ট্রফি জেতানোর পরেও তিনি ব্রাত্যই থেকে গেলেন।



