সপার সঙ্গে আসন-জট কাটাতে প্রিয়াঙ্কাকে দায়িত্ব দিল কংগ্রেস
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস-সমাজবাদী পার্টি জোট করেই লড়বে। কিন্তু আসন ভাগাভাগি নিয়ে দুই দলের মধ্যে মতের মিল হচ্ছে না। কংগ্রেস প্রাথমিকভাবে যত আসনে চাইছে, তা দিতে নারাজ অখিলেশ। অথচ দু’ পক্ষই চাইছে জোট। তা নাহলে গতবারের (২০২২ সাল) মতো যে যার মতো একা লড়ে বিজেপি তথা যোগী আদিত্যনাথের মোকাবিলা কঠিন বলেই মনে করছে দুই দলই। তার মধ্যে যেভাবে আসাদউদ্দিন ওয়েইসি এবং চন্দ্রশেখর আজাদ নিজেদের জোট ঘোষণা করে দিয়েছেন, তাতে কংগ্রেস হোক বা সপা, সামান্য চাপে। মুসলিম এবং দলিত- এই দুই অংশের ভোটারদের মন জয়ে জোর দিচ্ছেন ও঩য়েইসি ও আজাদ। 

Advertisement

হিন্দু ভোটারদের সিংহভাগ যোগী আদিত্যনাথের দখলে বলেই রাজনৈতিক মহলের মত। তাই কং-সপা কীভাবে ভোটারদের মন জয় করবে, এই প্রশ্ন দুই দলের উপর চাপ বাড়িয়েছে। তাই প্রার্থী বাছাইয়ে বিশেষ নজর দেওয়া হবে বলেই খবর। একইসঙ্গে কং-সপার জোট যে খোলামনে হয়েছে, সেই বার্তার উপর জোর দেওয়া হবে। তারই লক্ষ্যে আসন ভাগাভাগি নিয়ে সপা প্রধান অখিলেশ যাদবের সঙ্গে বোঝাপড়া করতে প্রিয়াঙ্কা গান্ধীকে দায়িত্ব দেওয়া হয়েছে। 
প্রিয়াঙ্কার নেতৃত্বে কংগ্রেস পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গড়েছে। যেখানে রয়েছেন কে সি বেণুগোপাল, এআইসিসির উত্তরপ্রদেশের ইনচার্জ রাজেন্দ্র পাল গৌতম, প্রদেশ কংগ্রেস সভাপতি আরাধনা মিশ্র এবং কার্যনির্বাহী সভাপতি তথা সাংসদ ইমরান মাসুদ। সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সভাপতিত্বে ১০ রাজাজি মার্গে উত্তরপ্রদেশ ইস্যুতে বৈঠক হয়েছে। সেখানেই ঠিক হয়েছে, অখিলেশের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা শুরু করতে হবে শীঘ্রই।
অখিলেশকে গুরুত্ব দিতে সোমবার দিল্লির এক পাঁচতারা হোটেলে সোনিয়া গান্ধীর আত্মজীবনী উন্মোচন অনুষ্ঠানে দেখা গিয়েছে উল্লেখযোগ্য বিষয়। একেবারে সামনের সারিতে অখিলেশকে পাশে বসান সোনিয়া। ছিলেন অখিলেশের স্ত্রী তথা সাংসদ ডিম্পল যাদবও। যদিও আসন ভাগাভাগিতে নিজের কড়া অবস্থান বজায় রাখতেই চান বলে জানা গিয়েছে। ৪০৩ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে কংগ্রেস চাইছে ১৮১ আসন। কিন্তু সপা ৮০-৮২র বেশি আসন ছাড়তে নারাজ। তাই শেষমেশ কী হবে, সেটাই দেখার। উল্লেখ্য, গতবার কংগ্রেস ৩৯৯ আসনে লড়ে জিতেছিল মাত্র দুটি। সপা ৩৪৭ আসনে প্রার্থী দিয়ে জয়ী হয়েছিল ১১১ টিতে।