নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নরেন্দর কা সারেন্ডারের মতো কটাক্ষের রেশ রেখেই শুক্রবার প্রধানমন্ত্রীকে ‘সিন্দুর কা সওদাগর’ বলে তোপ দাগল কংগ্রেস। সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে প্রত্যাঘাতে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিন্দুর’ সফল হয়েছে। কিন্তু তার কৃতিত্ব নিজের বলে প্রচার করছেন মোদি। এমনটাই অভিযোগ রাহুল গান্ধীর দলের। পেট্রল পাম্প হোক বা ট্রেনের টিকিট, ছবি নরেন্দ্র মোদির। অথচ সন্ত্রাসবাদ দমনের মতো ইস্যুতে পাকিস্তানকে একঘরে করতে পারলেন কই মোদি? বিদেশে পাঠানো সর্বদলীয় প্রতিনিধিদলের সরকারি ট্যুর সত্ত্বেও কোনও দেশ কেন পাকিস্তান ইস্যুতে ভারতের পাশে দাঁড়াল না? উল্টে পাকিস্তান পাচ্ছে বিদেশি অর্থ অনুদান। সম্মানীয় পদ। তাই মোদিকে সিন্দুর কা সওদাগর নামে কটাক্ষে প্রধানমন্ত্রীর বিদেশ নীতির সওয়াল চড়াল কংগ্রেস। এর আগে একসময় মোদিকে ‘মউত কা সওদাগর’ বলেছিলেন সোনিয়া গান্ধী।



