নন্দীগ্রাম উপনির্বাচন: কর্মীদের উপর হামলা, তদন্ত চেয়ে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ কংগ্রেস
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: নন্দীগ্রাম উপ নির্বাচনে দলীয় কর্মীদের উপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত চাইল প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার এনিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনকে চিঠি দিয়েছেন। সেখানে দলীয় কর্মীদের উপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত, আক্রান্তদের যথাযথ চিকিৎসা পরিষেবা, এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করা সহ মোট সাত দফা দাবি জানানো হয়েছে। আক্রান্ত কংগ্রেস কর্মীদের নামের লিস্ট এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্তদের নামের তালিকাও রাজ্য মানবাধিকার কমিশনের কাছে পেশ কংগ্রেস।

Advertisement

ভোটের আগে ও ভোট পরবর্তীতে নন্দীগ্রামে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে। তাতে আটজন কংগ্রেস কর্মী আক্রান্ত বলে কংগ্রেসের পক্ষ থেকে নামের তালিকা রাজ্য মানবাধিকার কমিশনের নিকট পেশ করা হয়েছে। রেজাল্টের দিনেই সোনাচূড়ায় আক্রান্ত হন সৌমেন সামন্ত। কান ছিঁড়ে দেওয়া হয়। এছাড়া, আমদাবাদে  পরিতোষ প্রামাণিক, রেয়াপাড়ায় পিনাকীরঞ্জন দাস, বাড় কাণ্ডপসরা গ্রামের নির্মলেন্দু দাস, কেন্দামারি গ্রামের শেখ বাবুল আক্তার, সামসাবাদের মহম্মদ রাজুয়ান, দাউদপুর পঞ্চায়েতের নয়নান গ্রামের শেখ সাদিউর ও শেখ আশাদুল আক্রান্ত বলে কংগ্রেসের পক্ষ থেকে কমিশনের চেয়ারপার্সনের কাছে নামের তালিকা পাঠানো হয়েছে। এছাড়া, বাড়িতে হামলার ঘটনায় কংগ্রেস কর্মী নূরউদ্দিন, পূর্ণিমা মালি এবং শেখ জাহিরউদ্দিন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাঁদের ক্ষতিপূরণের দাবিও তুলেছে কংগ্রেস।
উপ নির্বাচনে দ্বিতীয় স্থানে ওঠে এসেছে কংগ্রেস। ১৯৯৬ সালে এই নন্দীগ্রাম বিধানসভা থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেসের দেবীশঙ্কর পণ্ডা। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে ৩০ বছর পর সেই নন্দীগ্রামে পায়ের তলায় জমি খুঁজে পেয়েছে কংগ্রেস। পাঁচ মাস আগে থেকে যে বিধানসভায় মাত্র ৭৯৪ ভোট পেয়েছিল কংগ্রেস, উপ নির্বাচনে সেখান থেকেই ৪১ হাজার ৬৭৪ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ওঠে এসেছে। এই উত্থানকে ধরে রেখেই আগামী দিনে নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরে নিজেদের আরও প্রাসঙ্গিক করতে চাইছে কংগ্রেস। সেই লক্ষ্যে উপ নির্বাচনে আক্রান্তদের পাশে দাঁড়িয়ে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছে হাত প্রতীকের দল। সেইসঙ্গে এনিয়ে আগামী দিনে আন্দোলনেরও রূপরেখা তৈরি করছে।
প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পূর্ব মেদিনীপুরে অবজার্ভার শুভাশিস ভট্টাচার্য বলেন, প্রার্থী থেকে কর্মী আমাদের কেউই হেনস্তার শিকার হতে বাদ যাননি। ভোটের নামে প্রসহন হয়েছে। সেই ভোটে জয়ের পর সোনাচূড়ায় হামলা চালিয়েছে বিজেপির লোকজন। গড়চক্রবেড়িয়ায় দোকান ভেঙে লুটপাট হয়েছে। বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছেন। এনিয়ে আমাদের প্রদেশ সভাপতি রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের কাছে চিঠি পাঠিয়েছেন। দলের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, উপ নির্বাচনে কংগ্রেস সহ সবকটি বিরোধী দলকে প্রত্যাখ্যান করে বিজেপিকে বিপুল জনাদেশ দিয়েছেন নন্দীগ্রামবাসী। কংগ্রেস প্রচারে ভেসে থাকতে এসব করছে। তাতে ওদের বিন্দুমাত্র লাভ হবে না।