নয়াদিল্লি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ দিয়ে শুরু হবে টিম ইন্ডিয়ার নতুন বছর। তিনটি একদিনের ম্যাচের পাশাপাশি পাঁচটি টি-২০’তে মুখোমুখি হবে দুই দেশ। এই সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কারণ, ২০২৪ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া। গত বছর দক্ষিণ আফ্রিকার কাছেও টেস্ট সিরিজে ধবল ধোলাইয়ের লজ্জা সঙ্গী হয়েছিল ভারতীয় দলের। তাই কোচ গৌতম গম্ভীর সতর্কা। সামনে রয়েছে টি-২০ বিশ্বকাপ। সীমিত ওভারের সিরিজের ফল খারাপ হলে চাপ বাড়বে দলের উপর। তাই জেতার জন্য মরিয়া ‘মেন ইন ব্লু’।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের ভারতীয় দল নির্বাচন শনিবার। তা নিয়েও রয়েছে যথেষ্ট আগ্রহ। আসলে চোটের কারণে শুভমান গিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলেননি। টি-২০’তে পারফরম্যান্স ছিল বড়ই সাদামাটা। সেই কারণে টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে তাঁর জায়গায় হয়নি। এই পরিস্থিতিতে ক্যাপ্টেন হিসেবে ওডিআই দলে গিলের কামব্যাক খুবই গুরুত্বপূর্ণ। কারণ, নেতৃত্বের চাপ সামলে তাঁকে সেরা পারফরম্যান্সও মেলে ধরতে হবে। তবে সহ-অধিনায়ক শ্রেয়স আয়ারের প্রত্যাবর্তন নিয়ে ধোঁয়াশা কাটেনি। সম্প্রতি বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সেলেন্সে ব্যাটিং প্র্যাকটিস করেন তিনি। শোনা যাচ্ছিল, বোর্ডের মেডিক্যাল টিম তাঁকে মাঠে ফেরার সবুজ সংকেতও দিয়েছে। ফলে কিউয়িদের বিরুদ্ধে দলে ফেরার সম্ভাবনা জাগে গত অস্ট্রেলিয়া সফরে গুরুতর চোট পাওয়া শ্রেয়সের। কিন্তু বিসিসিআইয়ের একটি সূত্র জানাচ্ছে, স্প্লিন ইনজুরির জেরে প্রায় ৬ কেজি ওজন কমে গিয়েছে তাঁর। ৫০ ওভার ফিল্ডিং করার মতো ফিট নন তিনি।
সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামের প্রতি সুবিচার করতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটার। একদিনের স্কোয়াডে থাকলেও সুযোগ পাননি মাঠে নামার। কারণ, গিলের অনুপস্থিতিতে লোকেশ রাহুল নেতৃত্ব দিয়েছিলেন টিম ইন্ডিয়াকে। তাঁর পারফরম্যান্সও ছিল নজরকাড়া। তাই উইকেটরক্ষক হিসেবে কোচ গম্ভীরের প্রথম পছন্দ এখন লোকেশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে দুর্দান্ত কামব্যাক হয়েছিল যশস্বীর। পাশাপাশি ঋতুরাজ গায়কোয়াড়ও সুযোগের সদ্ব্যবহার করেছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিতের সঙ্গে যশস্বীকেই ওপেন করতে দেখা যেতে পারে।
দশ মাস পর ভারতীয় দলে ফেরার সম্ভাবনা রয়েছে পেসার মহম্মদ সামির। বাংলার হয়ে রনজি ট্রফি, সৈয়দ মুস্তাক আলি টি-২০ এবং বিজয় হাজারে ট্রফিতে নিয়মিত খেলেছেন তারকা পেসার। তাঁর পারফরম্যান্সে খুশি নির্বাচকরা। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে সামিকে পরখ করে নেওয়া হতে পারে।