নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডোমজুড়ের মহিয়ারির আবাসনে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যুর ২৪ ঘণ্টা পরেও আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা কাটল না। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছয়নি ফরেন্সিক দল। আগুনের উৎস খতিয়ে দেখতে পুলিশের কাছে ফরেন্সিক তদন্তের আবেদন করেছে দমকল।
বুধবারের ঘটনায় আবাসনের বাসিন্দা গোপা মুখোপাধ্যায়ের (৭২) মৃত্যু হয়। যে ফ্ল্যাটে আগুন লেগেছিল, সেটি সম্পূর্ণ ভস্মীভূত। তীব্র তাপে ওই তলার অন্য ফ্ল্যাটগুলির দেওয়ালেও ফাটল ধরেছে। বিপদের আশঙ্কায় বাসিন্দাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তিন দিনের জন্য অন্যত্র চলে যেতে বলা হয়েছে। ওই তলা কার্যত সিল করে রাখা হয়েছে। অগ্নিনিরাপত্তা নিয়েও উঠে এসেছে গুরুতর প্রশ্ন। যদিও হাওড়া সিটি পুলিশের দাবি, উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার অভিযোগে দমকলের তরফে থানায় এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। দমকল সূত্রে খবর, আবাসনে মাত্র একটি অগ্নিনির্বাপক যন্ত্র ছিল। সেটিও বিকল থাকায় আগুন লাগার সময় কাজে আসেনি। আবাসনটি দমকল আইনের আওতায় পড়ে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
হাওড়ার ডিভিশনাল ফায়ার অফিসার রাজা ভট্টাচার্য বলেন, ফরেনসিক দল দিয়ে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে পুলিশের কাছে আবেদন করা হয়েছে। বুধবার বাসিন্দাদের একাংশের অনুমান ছিল, পুজোর প্রদীপ অথবা রান্নার সময় কোনও ভাবে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ ফরেনসিক পরীক্ষার পরই স্পষ্ট হবে।