নয়াদিল্লি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মহম্মদ সিরাজকে প্রথম একাদশে না রাখার পিছনে ধর্মীয় বৈষম্য রয়েছে বলে শুক্রবার অভিযোগ করেছিলেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তাঁর সেই মন্তব্যের কড়া সমালোচনা করলেন দলেরই রাজ্যসভার সাংসদ রণজিৎ রঞ্জন। খেলার সঙ্গে রাজনীতিকে না মেশানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, খেলাধুলার নিজস্ব ক্ষেত্র রয়েছে। সেখানে ধর্মকে টেনে আনা উচিত নয়।
মাসুদের মন্তব্যের প্রতিক্রিয়ায় রণজিৎ বলেন, ‘আমি শুধু মাসুদজিকে খেলা ও রাজনীতিকে আলাদা রাখার অনুরোধ করব। দয়া করে খেলাধুলার বিষয়ে হস্তক্ষেপ করবেন না। খেলাধুলার নিজস্ব ক্ষেত্র রয়েছে, যোগ্যতা বিচারের নিজস্ব মাপকাঠি রয়েছে। প্রত্যেক খেলোয়াড়ের লড়াইও আলাদা। রাজনৈতিক কৌশল নিয়ে আমরা আলোচনা করতেই পারি, কিন্তু খেলাধুলা বা খেলোয়াড়দের রাজনৈতিক আলোচনার মধ্যে টেনে আনা উচিত নয়। বিষয়টি আমার কাছে গ্রহণযোগ্য নয়।’ উল্লেখ্য, শুক্রবার এক সাক্ষাৎকারে সিরাজের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন মাসুদ। তাঁর অভিযোগ, ভালো পারফরম্যান্স সত্ত্বেও শুধু নামের কারণেই প্রথম একাদশে জায়গা পাননি এই পেসার। তবে নিজের অবস্থান থেকে সরে আসেননি মাসুদ। শনিবার মহম্মদ শামি এবং সরফরাজ খানের মতো অন্য মুসলিম ক্রিকেটারদের নাম উল্লেখ করে ফের বৈষম্যের অভিযোগ তোলেন তিনি।



