সংবাদদাতা, হলদিয়া: হলদিয়া থানা এলাকায় একের পর এক শিল্প সংস্থার পাইপলাইন থেকে তেল চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে। কখনও বেসরকারি ভোজ্যতেল সংস্থার পাইপলাইন ফুটো করে লক্ষ লক্ষ টাকার তেল গায়েব করা হচ্ছে, আবার কখনও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পাইপলাইন ফুটো করে বিপজ্জনকভাবে অতিদাহ্য ক্রুড অয়েল চুরি হচ্ছে। তেলের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থার ক্রায়োজেনিক গ্যাসের লাইন থেকেও দামী সরঞ্জাম চুরি হচ্ছে। হলদিয়া থানার কাছেই বারবার চুরির ঘটনায় পুলিসের ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। এবার দুষ্কৃতীরা আরও বেপরোয়া হয়ে আইওসি’র পাইপলাইনকে টার্গেট করল।
আইওসির ওই পাইপলাইন হলদিয়া বন্দরের ২নম্বর অয়েল জেটি থেকে এইচপিএল লিঙ্ক রোড লাগোয়া কসবেড়িয়া অয়েল টার্মিনালে গিয়েছে। ওই জেটি থেকে প্রায় তিন কিমি দূরে আইওসি রিফাইনারির পাশে পরমানন্দচক এলাকায় দুষ্কৃতীরা পাইপলাইন ফুটো করে হোসপাইপ লাগিয়ে তেল চুরি করছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় হলদিয়া থানায় এমনই অভিযোগ করেছে আইওসির পাইপলাইন ডিভিশন।পুলিস জানিয়েছে, আইওসির হলদিয়া-বারাউনি পাইপলাইন থেকে ক্রুড অয়েল চুরির অভিযোগ মিলেছে। ওই লাইনে নিয়মিত নজরদারির জন্য সংস্থার নিজস্ব ডিজিআর গার্ড রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক অবসরপ্রাপ্ত জওয়ানদের ডিজিআর-এর মাধ্যমে নিরাপত্তারক্ষী হিসেবে নিয়োগ করে। এনিয়ে পুলিস ও ডিজিআরের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে।ওই পাইপলাইনে দু’ইঞ্চি ব্যাসের দু’টি ফুটো করে তেল চুরি হচ্ছিল। প্রায় ১০০মিটার দীর্ঘ একটি পাইপও নজরে এসেছে। ওই পাইপের সাহায্যে ফুটো থেকে তেল রাস্তার পাশে একটি ট্যাঙ্কারে লোড করা হচ্ছিল। প্রবল চাপে থাকা তেলের লাইনে ফুটো করে একধরনের সকেট সহ পাইপ লাগিয়ে তেল চুরি করা হয়। তবে এই কাজ খুবই বিপজ্জনক। কারণ ক্রুড অয়েল কোনওভাবে আগুনের ছোঁয়া পেলেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটতে পারে। যেখানে চুরি হচ্ছিল, তার পাশেই আইওসি রিফাইনারির একের পর এক গুরুত্বপূর্ণ প্ল্যান্ট আছে। সেখানে এমন ঘটনায় শিল্প আধিকারিকরা উদ্বিগ্ন। স্থানীয়রা জানান, আইওসির বারাউনি পাইপলাইন থেকে একসময় ব্যাপক হারে তেল চুরি হতো। দুষ্কৃতীরা তেল চুরি করতে গিয়ে একাধিকবার বিপর্যয় ডেকে এনেছে। কিন্তু গত কয়েকবছর কড়া নজরদারির কারণে তেল চুরি কমে গিয়েছিল। তবে ইদানিং হলদিয়াজুড়ে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়েছে।তিন সপ্তাহের মধ্যে হলদিয়া থানার আশপাশেই তিনটি পাইপলাইনে চুরির ঘটনা ঘটেছে। আইওসি পাইপলাইন ডিভিশন, বিপিসিএল ও একটি ভোজ্য তেল সংস্থার তরফে হলদিয়া থানায় তিনটি অভিযোগ দায়ের হয়েছে। থানার কাছে চিরঞ্জীবপুরে কয়েকদিন আগেই দিনেদুপুরে দুষ্কৃতীরা ভোজ্য তেলের পাইপলাইন ফুটো করে ১০টনের বেশি তেল চুরি করেছে। যার দাম প্রায় আট লক্ষ টাকা। হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারী বলেন, ভোজ্যতেল চুরির ঘটনায় দুষ্কৃতীরা ধরা পড়েছে। আইওসির ঘটনা নিয়ে তদন্ত চলছে।