Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইনিউমারেশন ফর্ম ঘিরে বিক্ষিপ্ত অভিযোগ, বিএলওদের ফেরালেন সাবেক ছিটমহলবাসী

বাংলায় এসআইআরে হোঁচট খেল সাবেক বাংলাদেশি ছিটমহল পোয়াতুরকুঠিতে। মঙ্গলবার এসআইআরের প্রথম দিনই সংশ্লিষ্ট সাবেক ছিটের বাসিন্দারা ফর্ম না নিয়ে ফিরিয়ে দেন বিএলওদের।

ইনিউমারেশন ফর্ম ঘিরে বিক্ষিপ্ত অভিযোগ, বিএলওদের ফেরালেন সাবেক ছিটমহলবাসী
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ও সংবাদদাতা: বাংলায় এসআইআরে হোঁচট খেল সাবেক বাংলাদেশি ছিটমহল পোয়াতুরকুঠিতে। মঙ্গলবার এসআইআরের প্রথম দিনই সংশ্লিষ্ট সাবেক ছিটের বাসিন্দারা ফর্ম না নিয়ে ফিরিয়ে দেন বিএলওদের। এর বাইরে কোথাও ফর্মের অভাবে এই কর্মসূচি চালু হয়নি। আবার কোথাও ফর্ম বিলি নিয়ে দলবাজি, আবার কোথাও বিএলওকে মারধরের অভিযোগ উঠেছে। তবে শিলিগুড়িতে সুষ্ঠুমতো হয়েছে ফর্ম বিলি। 

Advertisement

দিনহাটার সাহেবগঞ্জ থানার অধীনে সাবেক বাংলাদেশি ছিটমহল পোয়াতুরকুঠি। এখানে ভোটার প্রায় ১৭শো। দু’টি বুথ। গ্রামটিতে গিয়েও ভোটারদের ইনিউমারেশন ফর্ম ধরাতে পারেননি বিএলওরা। সাবেক ছিটবাসীর দাবি, ছিটমহল বিনিময়ের পর ২০১৫ সালে ১ আগস্ট থেকে তাঁরা ভারতীয়। কেন্দ্রীয় সরকার তাঁদের নাগরিকত্ব দিয়েছে। সেই তথ্য উল্লেখ করার কোনও জায়গা নেই ফর্মে। তাই সাদা ফর্ম জমা করতে হবে। তা করতে নারাজ তাঁরা। যদি নির্বাচন কমিশন তাঁদের জন্য বিশেষ ঘোষণা না করে, তা হলে জেলাশাসকের অফিস ঘেরাও করবেন। গ্রামের বিএলও বিপুল মোদক বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে ইনিউমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাই। বাসিন্দারা ফর্ম নেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। 
এদিন শিলিগুড়ি মহকুমার শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রে ইনিউমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যান বিএলওরা। শিলিগুড়িতে মহকুমা শাসক বিশাল রুহেলা, ফাঁসিদেওয়ায় ইআরও বিপ্লব চক্রবর্তী বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির কাজ তদারকি করেন। তবে কয়েকজন বিএলও এখনও পরিচয়পত্র ও কিট পাননি। কয়েকজন আবার অসুস্থতার অজুহাত দিয়ে কাজ না করার আর্জি প্রশাসনের কাছে জানিয়েছেন। দার্জিলিং জেলা প্রশাসন জানিয়েছে, পাহাড় ও সমতলে এসআইআর ফর্ম বিলির কাজ সুষ্ঠুমতো শুরু হয়েছে। 
এদিন রাজবাড়ি দিয়ে জলপাইগুড়িতে শুরু হল এসআইআরের ফর্ম বিলি। বিএলও’কে সঙ্গে নিয়ে রাজ পরিবারের সদস্যদের হাতে ফর্ম তুলে দেন সদরের বিডিও মিহির কর্মকার। কীভাবে ওই ফর্ম ফিলআপ করতে হবে, সেবিষয়ে তিনি বিস্তারিত বুঝিয়ে দেন রাজ পরিবারের প্রবীণ সদস্য প্রণতকুমার বসু সহ অন্যদের। বিডিও’র বক্তব্য, শুধু রাজ পরিবার নয়, রাজবাড়ি পাড়ায় যে বুথ রয়েছে, বিএলও এবং সুপারভাইজারকে নিয়ে সেখানে ফর্ম বিলি করা হয়েছে। বিএলও রণজিৎ সরকার বলেন, ফর্ম বিলিতে কোনও অসুবিধা হয়নি। তবে ধূপগুড়িতে এসআইআর কিছুটা অগোছালভাবে শুরু হয়েছে বলে অভিযোগ। এখানে বিএলওদের দুই সেট করে ফর্ম বুঝিয়ে দিতে পারেনি ব্লক প্রশাসন। সেজন্য  নির্বাচনী আধিকারিকদের সামনে ক্ষোভ উগড়ে দেন 
বিএলওরা। আলিপুরদুয়ার জেলাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। 
তুফানগঞ্জে তৃণমূল নেতার বাড়ি থেকে এসআইআরের ফর্ম বিলির অভিযোগ উঠেছে। তুফানগঞ্জ-১ ব্লকের অন্দরান ফুলবাড়ি-২ পঞ্চায়েতের ৫৬ নম্বর বুথে এমন অভিযোগ উঠেছে। বিজেপি জেলা সহ সভাপতি উজ্জ্বলকান্তি বসাকের অভিযোগ, বিএলওদের ধমকেচমকে এসআইঅর ফর্ম বিলি করছে তৃণমূল। যদিও তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান মহম্মদ আসার আলি বলেন, অভিযোগ ভিত্তিহীন। বাড়ি বাড়ি ফর্ম বিলির পর আমার বাড়ির সামনে চেয়ার টেবিল নিয়ে বসেছিলেন বিএলও। বিএলও অরিন্দম দাস বলেন, টিফিন করার জন্য সেখানে যাই। শীতলকুচির কৈমারিতে বিএলও’র কাছ থেকে এসআইআর ফর্ম ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ