Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরবঙ্গ মেডিক্যালের ফার্মেসি থেকে ড্যাম্প ওষুধ দেওয়ার অভিযোগ

ড্যাম্প ওষুধ দেওয়ার অভিযোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীদের একাংশের মধ্যে আতঙ্ক ছড়াল। হাসপাতালের ফার্মেসি থেকে রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য দেওয়া ওষুধ হাতে নিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে।

উত্তরবঙ্গ মেডিক্যালের ফার্মেসি থেকে ড্যাম্প ওষুধ দেওয়ার অভিযোগ
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সঞ্জিত সেনগুপ্ত • শিলিগুড়ি: ড্যাম্প ওষুধ দেওয়ার অভিযোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীদের একাংশের মধ্যে আতঙ্ক ছড়াল। হাসপাতালের ফার্মেসি থেকে রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য দেওয়া ওষুধ হাতে নিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। অথচ ওষুধের প্যাকেটের গায়ে মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত উল্লেখ রয়েছে। ওষুধটি তৈরি হয়েছে গত মার্চ মাসে। 

Advertisement

কাজেই এটি মেয়াদ উত্তীর্ণ ওষুধ নয়। খুব বেশিদিন হল তৈরিও হয়নি। কিন্তু খেতে গেলে হাতে নেওয়া মাত্রই ট্যাবলেটটি গুঁড়ো হয়ে যাচ্ছে। এনিয়ে শনিবার বহু রোগী ওই ওষুধ দেখিয়ে হাসপাতালের ফার্মাসিতে অভিযোগ জানান। সেখান থেকে তাঁদেরকে ওষুধ বদলে দেওয়া হয়েছে। মাটিগাড়ার ফারুক আমিন সরকার এনিয়ে হাসপাতাল সুপারকে লিখিত অভিযোগ জানিয়েছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমি হাসপাতাল থেকে ওই ওষুধটি খেয়ে যাচ্ছি আমার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য। কিন্তু সম্প্রতি যে ওষুধ আমাকে ফার্মেসি থেকে দেওয়া হয়েছে তা বাড়িতে নিয়ে গিয়ে খেতে গিয়ে দেখি ধরলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এদিন একই অভিযোগ আরও অনেক রোগী করেন। সকলেরই আতঙ্ক, এই ড্যাম্প ওষুধ খাওয়ার জন্য কোনও  বিপদ না হয়। 
হাসপাতাল সুপার তথা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ সঞ্জয় মল্লিক এই অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন। তিনি বলেন, এবারই প্রথম নয়। এর আগেও ওই ওষুধ নিয়ে একই অভিযোগ আমরা পেয়েছি। তবে সেক্ষেত্রে কোনও রোগীর থেকে অভিযোগ আসেনি। আমাদের স্টোর থেকে কর্মীরা অভিযোগ করেছিলেন। আমরা ওষুধ সহ গোটা বিষয়টি লিখিতভাবে স্বাস্থ্যভবনে পাঠিয়েছিলাম। কলকাতা সেন্ট্রাল স্টোর থেকে ওষুধ আমাদের এখানে আসে। অনেক ক্ষেত্রে প্যাকিংয়ের ত্রুটির কারণে ওষুধ ড্যাম্প হতে পারে। কিন্তু প্রকৃত কারণ নিশ্চিত করে আমরা এখান থেকে বলতে পারছি না। তারজন্য প্রয়োজনীয় পরীক্ষা করতে হবে। সেকারণে এবারও এই ওষুধের এখানকার পুরো ব্যাচটি কলকাতায় পাঠাব।

Advertisement
সম্পর্কিত সংবাদ