Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান মেডিক‌্যালের সেই ইন্টার্নের বিরুদ্ধে অভিযোগ দায়ের

বিতর্কে জড়িয়ে পড়া প্রভাবশালী ইন্টার্নের বিরুদ্ধে এবার সরাসরি অভিযোগ হল বর্ধমান মেডিক্যাল কলেজে।

বর্ধমান মেডিক‌্যালের সেই ইন্টার্নের বিরুদ্ধে অভিযোগ দায়ের
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: বিতর্কে জড়িয়ে পড়া প্রভাবশালী ইন্টার্নের বিরুদ্ধে এবার সরাসরি অভিযোগ হল বর্ধমান মেডিক্যাল কলেজে। অধ্যক্ষের পাশাপাশি সুপার, ডিন এবং কয়েকটি বিভাগের প্রধানের কাছে অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছে। সহকারী ইন্টার্নকে হেনস্তা, আর্থিক দুর্নীতি, পরীক্ষা ব্যবস্থায় হস্তক্ষেপের মতো অভিযোগ আনা হয়েছে বুধবার। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, গত সপ্তাহেই এক সহকারী ইন্টার্নকে হেনস্তার অভিযোগ উঠেছিল বর্ধমান মেডিক্যালের পড়ুয়া প্রভাবশালী ওই ইন্টার্নের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগের এখনও কোনও নিষ্পত্তি হয়নি। মেডিক্যাল কলেজ এসংক্রান্ত বিষয় নিয়ে যে বৈঠক ডেকেছিল তা হয়নি। এরমধ্যে হাজিরা খাতায় অগ্রিম সই করে রাখা নিয়ে বিতর্কে জড়ান ওই ইন্টার্ন। তারপরই বুধবার বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে ওই ইন্টার্নের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হল। সেখানে হেনস্তার অভিযোগের পাশাপাশি ২০২৩ এবং ২০২৪ সালের পুরনো কিছু আর্থিক দুর্নীতি, পরীক্ষায় কারচুপির বিষয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, নার্সদের সঙ্গে খারাপ ব্যবহারের মতো বিষয় উল্লেখ করা হয়েছে। অভিযোগ প্রসঙ্গে ওই ইন্টার্ন বলেন, যেসব অভিযোগ করা হচ্ছে তারমধ্যে বেশ কয়েকটি পুরনো। সেগুলি ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গিয়েছে। বাকি অভিযোগও অসত্য প্রমাণ হবে। বামপন্থী সংগঠনগুলি কোনও কাজ না পেয়ে আমার পিছনে লেগেছে। বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, হেনস্তার অভিযোগ নিয়ে তদন্ত কমিটি দু’-একদিনের মধ্যেই পেশ করবে। অধ্যক্ষ মৌসুমি বন্দ্যোপাধ্যায় বলেন, অভিযোগ পেয়ে পাঁচ সদস্যের একটি তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে। তাদের সাতদিনের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ