নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ করা ভিডিওকে ঘিরে শুরু হল নতুন বিতর্ক। প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর পক্ষে জমা দেওয়া হলফনামা পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় বসে জাল করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন অভিষেক। এবার তাঁর দেখানো সেই ভিডিও ক্লিপগুলিই ভুয়ো ও বিকৃত বলে দাবি করে পুলিশের দ্বারস্থ হলেন এক অভিযোগকারী। ঘটনায় মামলা রুজু করে তদন্তে নামছে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং।
রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, পূর্ব বর্ধমানের কালনা থানায় একটি অভিযোগ জমা পড়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, শনিবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভিডিও ক্লিপগুলি দেখিয়েছিলেন, সেগুলি ভুয়ো ও মনগড়া। ওই ভিডিওতে পশ্চিমবঙ্গ পুলিশের কয়েকজন কর্মীকে একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে সুবিধা পাইয়ে দিতে জাল হলফনামা তৈরির কাজে যুক্ত বলে দেখানো হয়েছে বলে অভিযোগ। পুলিশের বক্তব্য, ভিডিওগুলি ইচ্ছাকৃতভাবে প্রকাশ করে পশ্চিমবঙ্গ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করছে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং।
উল্লেখ্য, শনিবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে একাধিক ভিডিও প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি ছিল, তৃণমূলের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী অরূপ রায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের উপর কর্তৃত্ব দাবি করে নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা জমা দেওয়া হয়েছে, তার একাংশ পশ্চিমবঙ্গের পুলিশ স্টেশনগুলিতে বসেই তৈরি করা হয়েছে। অভিষেকের আরও অভিযোগ, যাঁদের নামে ওই হলফনামাগুলি জমা পড়েছে, তাঁদের অনেকেই নাকি এই নথি সম্পর্কে কিছুই জানেন না। এমনকী হলফনামায় থাকা স্বাক্ষর এবং নোটারিদের স্বাক্ষরও জাল করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এই পরিস্থিতিতে অভিষেকের প্রকাশ করা ভিডিওর সত্যতা নিয়েই এবার পালটা প্রশ্ন উঠল। একদিকে পুলিশ স্টেশনে বসে জাল হলফনামা তৈরির অভিযোগ, অন্যদিকে সেই অভিযোগের প্রমাণ হিসেবে দেখানো ভিডিওকেই ভুয়ো বলে পালটা অভিযোগ দুই দাবির সংঘাতে নতুন মাত্রা পেল তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই।



