সংবাদদাতা, উলুবেড়িয়া: এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল আমতা থানার গাজীপুরে। মৃত গৃহবধুর নাম পিউ সাউ (২৩)। যদিও মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ পিউকে খুন করা হয়েছে। ঘটনায় মৃত গৃহবধুর পরিবারের পক্ষ থেকে মৃতার স্বামী রবীন সাউ সহ ৮ জনের বিরুদ্ধে আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এখনোও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।
জানা গিয়েছে, বছর পাঁচ আগে গাজীপুরের বাসিন্দা রবীন সাউয়ের সঙ্গে গাজীপুর কালীতলার বাসিন্দা পিউ এর বিয়ে হয়। বর্তমানে তাঁদের একটি চার বছরের কন্যা সন্তান আছে। মৃত গৃহবধুর পরিবারের অভিযোগ, দেখাশোনা করে দুজনের বিয়ে হলেও বিয়ের পর থেকে মেয়ের শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত। তাঁর একটি কন্যা সন্তান জন্ম হওয়ার পর অত্যাচারের মাত্রা আর ও বৃদ্ধি পায়। তাদের বক্তব্য 'মেয়ের কথা চিন্তা করে আমরা একাধিকবার এই বিষয়টি নিয়ে সমাধান করেও দিয়েছিলাম'। যদিও তাদের এই সমস্যা মেটেনি। মৃত গৃহবধূর পরিবারের বক্তব্য, 'শনিবার রাত সাড়ে দশটা নাগাদ পিউ এর শ্বশুরবাড়ির পাড়া-প্রতিবেশীরা আমাদের ফোনে জানায় পিউ গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন'। তাদের অভিযোগ, পিউয়ের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে খুন করেছে। অন্যদিকে গৃহবধূর মৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। গৃহবধূর মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তারের দাবিতে মৃত গৃহবধুর পরিবারের লোকজন ও পাড়া-প্রতিবেশীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পাশাপাশি মৃত গৃহবধূর শ্বশুরবাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ঘটে পরিবারের লোকজনদের বিরুদ্ধে। পরে আমতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।



