বার্ধক্য ভাতা পেতে মাস কাবার, আতান্তরে ২০ লক্ষ
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাসে মাত্র দেড় হাজার টাকা। শুনতে সামান্যই! কিন্তু লক্ষ লক্ষ প্রবীণের কাছে এটাই অনেক! এই টাকায় কেউ কেনেন সুগার-প্রেসারের ওষুধ, কেউ আবার সংসারের টুকটাক প্রয়োজনে খরচ করেন। মোদ্দা কথা, সরকারের দেওয়া বার্ধক্য ভাতার উপর নির্ভর করে বেঁচে আছেন অনেক প্রবীণ মানুষ। টাকা ঢুকল কি না, জানার জন্য মাসের শুরুতে তাঁদের নজর থাকে নিজেদের মোবাইল ফোনে। মেসেজ ঢুকতে দেরি করলেই বাড়ে দুশ্চিন্তা। গত জুলাই মাস থেকে এ রাজ্যে বার্ধক্য ভাতার প্রায় ২০ লক্ষ উপভোক্তার সেই উদ্বেগ বেড়েছে কয়েক গুণ। কারণ, ‘কিছুটা দেরি’ নয়, ভাতার টাকা পেতে কার্যত মাস কাবার হয়ে যাচ্ছে! প্রতি মাসে গড়ে ১৮ থেকে ২০ দিন, অনেক সময় তার থেকেও বেশি দেরিতে টাকা ঢুকছে। এই উপভোক্তারা কেন্দ্রের সহায়তাপ্রাপ্ত জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (এনএসএপি)-এর আওতাধীন। প্রশাসনিক সূত্রে খবর, গত জুলাই মাস থেকে এই ২০ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢোকে কেন্দ্রীয় পেমেন্ট ব্যবস্থাপনার (এসএনএ সপর্শ) মাধ্যমে। এক্ষেত্রে প্রথমে রাজ্যের আধিকারিক, পরে কেন্দ্রের সংশ্লিষ্ট আধিকারিকদের অনলাইনে প্রায় আটটি প্রশাসনিক ধাপ পূরণ করতে হয়। তবেই টাকা যায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এই দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়াই বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে বিলম্বের মূল কারণ বলে দাবি প্রশাসনিক মহলের। সমস্যার সমাধান খুঁজতে শুক্র ও শনিবার বৈঠক করেছেন রাজ্য ও কেন্দ্রের আধিকারিকরা। সূত্রের খবর, বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রে প্রতিটি সমস্যার চুলচেরা বিশ্লেষণ হয়েছে সেখানে। কেন্দ্রের তরফে এই সমস্যা দ্রুত মেটানোর আশ্বাস মিলেছে বলেও খবর।  

Advertisement

লম্বা প্রশাসনিক প্রক্রিয়ার পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় কিছু প্রযুক্তিগত সমস্যাও বিলম্বের কারণ বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, কোথাও টাকা পাঠানোর নির্দেশ (ফান্ড ট্রান্সফার অর্ডার) চলে এলেও স্রেফ প্রযুক্তিগত সমস্যায় তা আটকে থাকছে কিছু দিন। তাছাড়া, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)-এর স্তরেও দীর্ঘদিন ধরে ফাইল আটকে থাকার অভিযোগ রয়েছে। এনএসএপির আওতাধীন উপভোক্তারা দেরিতে টাকা পেলেও রাজ্যের সিংহভাগ বার্ধক্য ভাতা প্রাপক (প্রায় ৮০ লক্ষ) কিন্তু নির্দিষ্ট সময়েই পেয়ে যাচ্ছেন টাকা। কারণ, এই ৮০ লক্ষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যায় রাজ্যের কোষাগার থেকে। সেই প্রক্রিয়া কেন্দ্রীয় ‘পেমেন্ট’ ব্যবস্থার মতো দীর্ঘ বা জটিল নয়। ফলে একই প্রকল্পের উপভোক্তাদের মধ্যে একটা ফারাক প্রকট হচ্ছে। যাঁদের দেরি করে টাকা ঢুকেছে, তাঁদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে। এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শান্তনু প্রমাণিক বলেন, ‘বার্ধক্য ভাতার টাকা নির্দিষ্ট সময়ে না পেলে সত্যিই সমস্যা হয়। কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, এটা ঠিক। অনেকের পোস্ট অফিসে অ্যাকাউন্ট ছিল। কিন্তু এক্ষেত্রে ব্যাংকে অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। যাবতীয় সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।’