নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, রবিবার থেকে কলকাতায় শুরু প্রধানমন্ত্রী আবাস যোজনা (আরবান) ২.০। কলকাতা পুরসভার অন্তর্গত ১৬টি বরোতে একটি করে শিবির হবে। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। আবাস যোজনার সুবিধা পেতে অন্তত ১২ ছটাক ব্যক্তিগত জমির প্রয়োজন। সেই সঙ্গে সংশ্লিষ্ট পরিবারের বার্ষিক আয় হতে হবে ২ লক্ষ ১৬ হাজার টাকার মধ্যে। দুটি শর্ত পূরণ হলে বাড়ি তৈরি করতে সরকার ৩ লক্ষ ৩৩ হাজার টাকা অনুদান দেবে। কলকাতায় এই শিবির কতটা সাফল্য পাবে বা কত আবেদন জমা পড়বে, তা নিয়ে সংশয় রয়েছে অনেকের মধ্যে। কারণ শহরে জমির অপ্রতুলতা। অন্যদিকে জানা গিয়েছে, ৬ ডিসেম্বর রাজ্যের সমস্ত পুর এলাকায় একদিনে ৩২ হাজার ৮৩০টি বাড়ি তৈরির ভিত পুজো হবে। আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যত আবেদন জমা পড়ছে, তার থেকেই এগুলি চুড়ান্ত হয়েছে। তার মধ্যে কলকাতায় রয়েছে ৩৩০টি বাড়ি।
পুরসভা সূত্রে খবর, ১ থেকে ১৬টি বরোয় একটি করে প্রতিদিন শিবির চলবে। বরো অফিস, পুরসভার স্বাস্থ্যকেন্দ্র বা অন্য কোনো অফিসে শিবির বসার আয়োজন করা হয়েছে। এর আগে প্রতি ওয়ার্ডে মাইকিং করা হয়েছে। যাতে খবর পেয়ে আগ্রহীরা শিবিরে আসতে পারেন। কলকাতা শহরে বিশেষ করে উত্তর ও দক্ষিণ কলকাতা সহ সংলগ্ন এলাকায় যেখানে জমির অভাব, সেখানে ব্যক্তিগত মালিকানাধীন বাড়ি করার মতো ফাঁকা জমি কোথায় আছে তা নিয়ে সংশয় রয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, শহরের সব জায়গা থেকেই আবেদন জমা পড়বে। তবে সংযুক্ত এলাকা অর্থাৎ ১০১ থেকে ১৪৪ ওয়ার্ডে আবাস যোজনার আবেদন বেশি আসবে। যাদবপুর, সন্তোষপুর, নয়াবাদ, মুকুন্দপুর, কালিকাপুর, বেহালা, জোকা, ঠাকুরপুকুর, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজের মতো এলাকায় ফাঁকা জমি থাকার সম্ভাবনা বেশি। তাই ১১, ১২, ১৩, ১৪ ও ১৬ নম্বর বরোতে বেশি আবেদন জমা পড়বে বলে ধরে নেওয়া যায়। ওই বরোগুলিই পুরসভার মূল ফোকাস।
টাকা মিলবে মূলত তিন ধাপে। আগে বাড়ির ভিত তৈরি হবে। তা হওয়ার পর পরিদর্শনে যাবেন সরকারি আধিকারিকরা। ছবি তুলে জিও ট্যাগিং করা হবে। তারপর মিলবে প্রথম ধাপের দেড় লক্ষ টাকা। তারপর লিনটন পর্যন্ত বাড়ি তৈরি হলে মিলবে এক লক্ষ ২০ টাকা। পুরো বাড়ি শেষ হলে পাওয়া যাবে ৬৩ লক্ষ টাকা।



