নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যৌন নির্যাতনের অভিযোগ সংক্রান্ত এক মামলায় গ্রেপ্তারি এড়াতে আগাম জামিনের আবেদন করেছিলেন প্রশান্ত মাইতি নামে এক ব্যক্তি। শুক্রবার আলিপুরের ভারপ্রাপ্ত জেলা জজ উত্তম ভট্টাচার্য আগাম জামিনের আবেদন নাকচ করে দেন। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি কৈলাস তমালি অভিযুক্তের আগাম জামিনের জোরাল আপত্তি জানান। তিনি বলেন, অভিযুক্তকে হেপাজতে নিয়ে জেরা করার প্রয়োজন আছে। সে কারণে আবেদন নাকচ করা হোক। অভিযোগকারিণী ইতিমধ্যেই আলিপুরের একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (জেএম) কাছে গোপন জবানবন্দি পেশ করেছেন। পুলিশ তদন্ত করছে। অভিযুক্তকে ধরতে পুলিশি তল্লাশি চলছে। তদন্তকারী অফিসার মামলার কেস ডায়েরি আদালতে পেশ করেন। যদিও অভিযুক্তের কৌঁসুলি যে কোনো শর্তে অভিযুক্তের আগাম জামিনের আবেদন জানান। তিনি বলেন, তিনি তদন্তে সবরকমভাবে সহযোগিতা করতে প্রস্তুত। বিচারক মামলার যাবতীয় নথিপত্র ও কেস ডায়েরি খতিয়ে দেখে অভিযুক্তের আগাম জামিনের আবেদন বাতিল করে দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে কসবা থানায় এই যৌন নির্যাতনের অভিযোগ সংক্রান্ত মামলাটি দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্তে নামে। এরপরই অভিযুক্ত প্রশান্ত মাইতি আলিপুর জজ কোর্টে আগাম জামিনের আবেদন জানান। তাঁর কৌঁসুলির বক্তব্য, তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।



