ট্রেনের সামনে ঝাঁপ, আত্মঘাতী কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যানিং লোকালের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত এক ডেপুটি কমিশনার (ডিসি)। প্রবীর চট্টোপাধ্যায় (৭৩) নামে কলকাতা পুলিশের প্রাক্তন ওই কর্তাকে বাঘাযতীন ও নিউ গড়িয়া রেল স্টেশনের মাঝে  লাইন থেকে শনিবার বিকেল ৪.৩৫ নাগাদ মৃত অবস্থায় উদ্ধার করে যাদবপুর জিআরপি। তাঁর বাড়িতে মিলেছে সুইসাইড নোট। মানসিক অবসাদ ও একাকিত্ব থেকে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। প্রবীর বাবুর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রেল পুলিশ সূত্রে খবর, শনিবার ৪.৩৫ নাগাদ আপ ক্যানিং লোকাল যখন বাঘাযতীন স্টেশন ছেড়ে নিউ গড়িয়ার দিকে যাচ্ছিল এই সময় আচমকাই চলন্ত ট্রেনের সামনে এসে দাঁড়িয়ে পড়েন কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত ওই ডিসি। ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। 

Advertisement

ওই ট্রেনের গার্ড পরবর্তী স্টেশনে নক ডাউন রিপোর্ট করেন।  স্টেশন মাস্টার খবর দেন যাদবপুর জিআরপিতে। খবর পেয়ে আসেন জিআরপি’র অফিসাররা। তাঁর পকেটে থাকা পরিচয়পত্র দেখে আত্মঘাতী হওয়া ব্যক্তিকে শনাক্ত করে রেল পুলিশ। মোবাইল তাঁর সঙ্গে ছিল। সেখান থেকে নম্বর খুঁজে তাঁর ভাইকে খবর দেন রেল পুলিশের অফিসাররা। এরমাঝে সন্ধ্যায় তাঁর মেয়ে বাড়িতে দেখতে আসেন। প্রবীর বাবু একাই থাকতেন বাড়িতে। প্রতিদিন সন্ধ্যায় মেয়ে বাবাকে দেখতে বাঁশদ্রোনীর বাড়িতে আসেন। তিনি এসে দেখেন, দরজা লক করা নেই। ভিতরে ঢুকে দেখেন টেবিলের উপর একটি নোট পড়ে রয়েছে। তাতে লেখা, আমাকে শিয়ালদহ বা বালিগঞ্জ জিআরপি এলাকায় পাওয়া যাবে। রেল পুলিশ পরিবারের সঙ্গে কথা বলে জেনেছে, স্ত্রীর মৃত্যুর পর তিনি একাকিত্বে ভুগছিলেন। মানসিক অবসাদ গ্রাস করেছিল। সেখান থেকেই তিনি আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করছেন রেল পুলিশের কর্তারা।