জয়নগরের নাম করে তৈরি অস্বাস্থ্যকর মোয়া, কাকদ্বীপে অভিযান খাদ্যদপ্তরের
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: পচা মাংসের পর এবার কাকদ্বীপ থেকে উদ্ধার জয়নগরের নাম ব্যবহার করে তৈরি করা অস্বাস্থ্যকর মোয়া। একাধিক রাসায়নিক ও কৃত্রিম রং ব্যবহার করে সে মোয়া তৈরি করা হত। নকল চিটেগুড়ও ব্যবহার হত। তা মানব শরীরের পক্ষে ক্ষতিকারক বলে দাবি উদ্ধারকারীদের।

Advertisement

শনিবার সকালে কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে ওই মোয়া কারখানায় অভিযান চালায় খাদ্যদপ্তর। বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর মোয়া উদ্ধার করে। সেখানে কাগজের বাক্সে লেখা, ‘জয়নগরের মোয়া।’ অথচ তা তৈরি হচ্ছে কাকদ্বীপে। তৈরির পর বিভিন্ন দোকানে বিক্রির জন্য সরবরাহ করা হত ফুটপাতের অস্থায়ী কিছু দোকানে। সেগুলিতেও বড়ো আকারে লেখা, ‘জয়নগরের মোয়া পাওয়া যায়।’ এদিন কারখানার পাশাপাশি ফুটপাতের সেই মোয়ার দোকানগুলিতেও অভিযান চালায় দপ্তর। অভিযানে বিপুল পরিমাণ নকল চিটেগুড়, জয়নগরের মোয়া লেখা কাগজের বাক্স ও কিছু রাসায়নিক বাজেয়াপ্ত হয়েছে। এক মোয়া ব্যবসায়ী বলেন, ‘এগুলি কাকদ্বীপে তৈরি করা হয়। খাদ্যদপ্তরের আধিকারিকরা বিষয়টি দেখেছেন। এভাবে মোয়া তৈরি করতে বারণ করেছেন।’ মোয়া শুধু নয়, শুক্রবার কাকদ্বীপের বামুনের মোড়ের কাছাকাছি একটি দোকান থেকেও খাসির পচা মাংসও উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, একটি অনুষ্ঠানের জন্য ওই দোকানে প্রায় ১২০ কিলো  মাংসের অর্ডার হয়েছিল। অভিযোগ, টাটকার সঙ্গে পচা মাংস মিশিয়ে বিক্রি করেন দোকানদার।  নিজস্ব চিত্র