বেজিং: পশ্চিম এশিয়ার যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রশ্নে পাকিস্তানের সঙ্গে ভারতের তুলনা করাটা ‘অন্যায্য’। মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে কোনো দেশের জাতীয় স্বার্থ রক্ষিত হবে কি না, সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশটিকেই নিতে হবে। শনিবার এই মন্তব্য করেছেন চীনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী।
চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত বিশ্ব শান্তি ফোরামে বক্তব্য রাখার সময় দোরাইস্বামী ভারতের আন্তর্জাতিক ভূমিকা এবং ইরান-মার্কিন উত্তেজনায় পাকিস্তানের মধ্যস্থতার কথিত প্রচেষ্টা নিয়ে এক চীনা সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, আমি যদি একটু সরাসরি বলি, আমার মনে হয় পাকিস্তানের সঙ্গে এই তুলনাটা একটু অন্যায্য। দুই দেশের অর্থনীতিই আপনাকে অনেক কিছু বলে দেবে। ভারতের মূল্যায়ন করা উচিত বিশ্ব ব্যবস্থায় তার প্রকৃত অবস্থান ও অবদানের ভিত্তিতে। কোনো একটি দেশ বৃহত্তর বিশ্ব ব্যবস্থায় কী ভূমিকা পালন করছে, তার ভিত্তিতে বিচার হওয়া উচিত।