আরশোলা-ছারপোকার সঙ্গে বিরোধীদের তুলনা, পানিহাটির বিধায়কের মন্তব্যে জোর বিতর্ক
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ‘অপরাধীদের কঠোর শাস্তি দিতে এনকাউন্টার প্রয়োজন।’ রাজ্যে পরপর এনকাউন্টার নিয়ে বিতর্কের আবহে আর জি করে খুন হওয়া চিকিৎসকের মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ এই কথা বলেন। মঙ্গলবার তিনি সাফ বলেন, ‘আমার মেয়ের ধর্ষণ ও খুনের অভিযুক্তদেরও একই শাস্তি দেওয়া হোক। এমন কঠোর পদক্ষেপেই অপরাধের প্রবণতা কমানো সম্ভব।’ শুধু তাই নয়, তিনি ঘুরিয়ে বিরোধীদের আরশোলা, ছারপোকার সঙ্গে তুলনা করে ‘হিট স্প্রে’ করার কথা বলেন।

Advertisement

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রত্নাদেবী বলেন, ‘বড়ো বড়ো অপরাধীরা পুলিশকেই আক্রমণ করছে। আত্মরক্ষার্থে পুলিশ এনকাউন্টার করতে বাধ্য হচ্ছে। পরপর চারটি এনকাউন্টার মানে বাংলা চারজন অপরাধী থেকে মুক্ত হল।’ সাংবাদিকরা তখন বলেন, সিপিএমসহ বিরোধীরা বলছেন, এনকাউন্টারে অপরাধ আরও বাড়বে। পালটা রত্নাদেবী বলেন, ‘এনকাউন্টার করেই ভয়ঙ্কর অপরাধীদের শাস্তি দিতে হবে। আর আরশোলা, টিকটিকি ও ছারপোকাদের হিট স্প্রে করলেই দমন হবে।’ তাঁর এই মন্তব্য নিয়েই পানিহাটিজুড়ে জোর বিতর্ক শুরু হয়েছে। তিনি কি আদতে বিরোধীদেরই আরশোলা বা টিকটিকি বলতে চাইলেন, এই প্রশ্নে সরগরম স্থানীয় রাজনীতি। সিপিএম নেতৃত্ব পালটা বলেছে, ‘উনি ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছেন। একদিন উনিও শাসকের দ্বারা লাঞ্ছিত ও বঞ্চিত হয়েছেন। এখন তিনি নিজে সেই শাসকের ভাষায় কথা বলছেন। সময় সব কিছুর জবাব দেবে।’ এদিন রত্নাদেবী আর জি করের ঘটনার তদন্ত নিয়ে ফের সরব হন। তাঁর অভিযোগ, মেয়ের হত্যাকাণ্ডের পর তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, ‘আমার মেয়ের ক্ষেত্রে যেভাবে তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছিল, তা নিজের চোখে দেখেছি।’ ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘রাজনৈতিক ও প্রশাসনিক সহযোগিতায় সন্দীপ এতটা বেপরোয়া হয়ে উঠেছিলেন।’