Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে সেমি কন্ডাক্টর শিল্প গড়তে আগ্রহী একাধিক সংস্থা, আগামী সপ্তাহে রাজ্যের সঙ্গে বৈঠক

দুর্গাপুরে সেমি কন্ডাক্টর শিল্প গড়তে একাধিক সংস্থার আগ্রহ। আগামী সপ্তাহে রাজ্যের সঙ্গে বৈঠক। বিস্তারিত পড়ুন।

দুর্গাপুরে সেমি কন্ডাক্টর শিল্প গড়তে আগ্রহী একাধিক সংস্থা, আগামী সপ্তাহে রাজ্যের সঙ্গে বৈঠক
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রাজ্য বাজেটে দুর্গাপুরে সেমি কন্ডাক্টর শিল্প গড়ার উল্লেখ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বণিক মহল বিনিয়োগে আগ্রহ প্রকাশ করল রাজ্য সরকারের কাছে। জানা গিয়েছে, একাধিক বিশেষজ্ঞ সংস্থা দুর্গাপুরে নিজেদের ইউনিট গড়তে তৎপর হয়েছে। শুধু তাই নয়, আগামী সপ্তাহে নবান্নে সংস্থাগুলির সঙ্গে বৈঠক হতে পারে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের। থাকতে পারেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাজেট শিল্প গড়ার উল্লেখ করে‌ই ক্ষান্ত রইল না রাজ্য সরকার। তারা যে সময় নষ্ট করতে চায় না, তা এই তৎপরতা থেকেই স্পষ্ট।

Advertisement

দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, আগের সরকার শিল্প নিয়ে ভুয়ো ঘোষণা করত। দুর্গাপুরের মানুষকে বার বার ভাঁওতা দেওয়া হয়েছে। কয়েক দশক পর দুর্গাপুরে প্রকৃত শিল্প আসতে চলেছে। বিনিয়োগকারীরা সেমি কন্ডাক্টর শিল্প গড়তে আগ্রহ প্রকাশ করেছেন। জানতে পেরেছি দ্রুত তাঁরা নবান্নে বৈঠক করবেন। 
পালাবদলের পর থেকেই নিজের এলাকার উন্নয়ন নিয়ে বিজেপি বিধায়কদের সুস্থ প্রতিযোগিতা নজরে পড়েছে। নিজের এলাকায় মেডিকেল কলেজ চেয়ে পশ্চিম বর্ধমান জেলার একাধিক বিধায়ক মুখ্যমন্ত্রীকে যেমন চিঠি লিখেছেন, তেমনি বাজেটে যে বিধানসভার জন্য যা ঘোষণা হয়েছে তা বাস্তবায়িত করতেও বিধায়ক থেকে আমলাদের মধ্যে উল্লেখযোগ্য তৎপরতা চোখে পড়েছে। দুর্গাপুরে সেমি কন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ার ঘোষণা হতেই তা নিয়ে তৎপরতা শুরু হয়। সায়েন্স ও টেকনোলজিতে অভূতপূর্ব উন্নতি করা দক্ষিণ ভারতের এক মুখ্যমন্ত্রীর সহযোগিতা নিয়ে সেমি কন্ডাকটর শিল্পে বিনিয়োগকারীদের বার্তা পাঠানো হয় বলে জানা গিয়েছে। তাতেই প্রাথমিক সাড়া মিলেছে।  ইন্ডিয়া সেমি কন্ডাক্টর মিশন শুরু হয় ২০২১ সালে। চলতি বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ইন্ডিয়া সেমি কন্ডাক্টর মিশন ২ ঘোষণা করেন। কেন্দ্রীয় সরকারের সার্ভে অনুযায়ী ভারতে সেমি কন্ডাক্টরের মার্কেট ছিল ৩৮ বিনিয়ন ডলারের। ২০৩০ সালে সেই মার্কেট হবে ১০০-১১০ বিলিয়ন ডলারের। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, ২০৩৫ সালের মধ্যে বিশ্বের অন্যতম সেমি কন্ডাক্টরের বৃহৎ উৎপাদনশীল দেশ হওয়া। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার কেন্দ্রীয় সরকারের সেই ভাবনাকেই বাংলাতে প্রসারিত করতে চাইছে। আর তার জন্যই বেছে নেওয়া হয়েছে রাজ্যের অন্যতম আধুনিক শহর দুর্গাপুরকে। যে দুর্গাপুরকে কেন্দ্র করে কেন্দ্র সরকার ইতিমধ্যেই কোস্টাল ইন্ডাস্ট্রিয়াল করিডর গড়ার ঘোষণা করেছে। সব সম্ভবনা দেখেই বিশেষজ্ঞ সংস্থা এগিয়ে এসেছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। বিষয়টি নিয়ে খুশি দুর্গাপুরের বণিক মহল। ব্যবসায়ী রতন অগরওয়াল বলেন, বাজেট ঘোষণা ৪৮ ঘণ্টার মধ্যে বিনিয়োগের প্রস্তাব আসা শুরু হলে তা অত্যন্ত ইতিবাচক দিক। সেমি কন্ডাক্টারের মতো আধুনিক ও অপরিহার্য হয়ে ওঠা সামগ্রীর কারখানা গড়ে উঠলে অনুসারী শিল্পও আসবে। 
দুর্গাপুরকে এডুকেশন হাবও বলা হয়। সেমি কন্ডাক্টর শিল্প এখানে গড়ে উঠলে এআই, অটো মোবাইল নিয়ে পড়াশোনা করা পড়ুয়াদের কাজের সুযোগও বাড়বে। সে ক্ষেত্রে এই বিষয় নিয়ে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনাও উজ্জ্বল হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ