Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

উৎসবে ঘরোয়া জলযোগ

একটু ভিন্ন ধরনের জলখাবারে সাজিয়ে তুলুন পুজোর মেনু।

উৎসবে ঘরোয়া জলযোগ
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

একটু ভিন্ন ধরনের জলখাবারে সাজিয়ে তুলুন পুজোর মেনু।

Advertisement

খাস্তা কচুরি

উপকরণ: ময়দা ২ কাপ, মুগডাল ১ কাপ (১ ঘণ্টা ভিজিয়ে আধ বাটা করে নিন), ধনে আধভাঙা করা ১ টেবিল চামচ, জিরে ১ টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো, বেসন ১ টেবিল চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ টেবিল চামচ, গরমমশলা গুঁড়ো, পাতিলেবুর রস ২ টেবিল চামচ, নুন ও চিনি, ঘি ২ টেবিল চামচ, সাদাতেল ২ কাপ।

প্রণালী: কড়াইতে এক চামচ তেল গরম করে ধনে, জিরে ভেজে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিন। বেসন, মুগডাল এবং স্বাদমতো নুন ও চিনি দিয়ে ভেজে নিন। গরমমশলা গুঁড়ো মিশিয়ে তা নামিয়ে নিন। ঠান্ডা করে রাখুন। ময়দাতে সামান্য নুন আর ঘি দিয়ে ময়ান দিন। অল্প অল্প জল দিয়ে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন।  তারপর ময়দা থেকে ছোট ছোট লেচি করে নিন। এক একটা লেচি বাটির আকারে গড়ে নিন। তার ভিতরে তৈরি করে রাখা পুর ভরে একপাশ থেকে চেপে মুখ বন্ধ করে দিন। মাঝারি আঁচে হালকা গরম ডুবো তেলে দুই পাশ বাদামি করে ভেজে তুলে নিন। গরম গরম পরিবেশন করুন চা বা কফির সঙ্গে।

মাংসের শিঙাড়া

উপকরণ: বোনলেস চিকেন কিমা ৩০০ গ্রাম, ময়দা ২ কাপ, আলু সিদ্ধ ২টো (ছোট টুকরো করা), দই ৩ টেবিল চামচ, রোস্টেড ভাঙা কাজু ১ চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, জিরে গুঁড়ো ১ টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, হলুদ  চামচ, নুন ও  চিনি স্বাদ মতো, ঘি ১ টেবিল চামচ, সাদা তেল ২ কাপ, সর্ষের তেল ২ টেবিল চামচ। 

প্রণালী: ময়দা ঘি আর সামান্য নুন দিয়ে ভালো করে ময়ান দিন। অল্প অল্প জল দিয়ে মেখে ঢাকা দিয়ে রাখুন। চিকেনে দই মাখিয়ে ১ ঘণ্টা ঢাকা দিয়ে রাখুন। কড়াইতে সর্ষের তেল গরম করে আলু ভেজে তুলুন। পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর চিকেন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে কষিয়ে নিন। নুন ও চিনি দিয়ে ভেজে রাখা আলু, কাজুবাদাম দিন। এক কাপ জল দিয়ে মাঝারি আঁচে ঢেকে রাখুন। সব সিদ্ধ হয়ে গা মাখা হলে নামিয়ে ঠান্ডা করে নিন। তৈরি হল শিঙাড়ার পুর। এবার ময়দা থেকে ছোট লেচি করে লুচির মতো বেলে নিন। এক একটা লুচি দুই ভাগে 
কেটে একটা ভাগ নিয়ে কোণের আকারে গড়ে নিন। ভিতরে পুর ভরে মুখটা বন্ধ করে দিন। এভাবেই সব 
শিঙাড়া গড়ে নিন। কড়াইতে সাদা তেল দিয়ে তা মাঝারি আঁচে বাদামি করে ভেজে তুলুন। মিষ্টি চাটনি বা কাঁচালঙ্কার চাটনি সহযোগে পরিবেশন করুন এই মাংসের শিঙাড়া।

ঘুগনি

উপকরণ: ঘুগনির মটর ২০০ গ্রাম, আলু সেদ্ধ ২টো (মাঝারি আকারের), নারকেল কুচি ২ টেবিল চামচ,  জিরে গুঁড়ো ১ টেবিল চামচ, ধনে গুঁড়ো ১ টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো, হলুদ, গরমমশলা গুঁড়ো, টম্যাটো কুচি ১টা, ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ, ঘি ১ টেবিল  চামচ, সর্ষের তেল ১ টেবিল চামচ। ফোড়নের জন্য:  জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা।

প্রণালী: ঘুগনির মটর ৬ ঘণ্টা ভিজিয়ে সেদ্ধ করে নিতে হবে। আলু সেদ্ধ ছোট ছোট করে কেটে নিতে হবে। কড়াইতে তেল ও ঘি একসঙ্গে গরম করে নিন। নারকেল কুচি ভেজে তুলে তাতে আলু ভেজে তুলে নিন। ওই তেলেই ফোড়ন দিয়ে একটু ভেজে নিন। আদা বাটা দিয়ে কষিয়ে টম্যাটো কুচি দিন। টম্যাটো একটু নরম হয়ে এলে তাতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিন। অল্প জল দিয়ে কষিয়ে নিন। সিদ্ধ মটর দিয়ে কিছুক্ষণ নেড়ে নুন, চিনি, ভাজা আলু, নারকেল দিন। ২ কাপ জল 
দিয়ে ফুটিয়ে গামাখা হলে গরমমশলা 
গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। পরিবেশন 
করার সময় উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে 
দিতে হবে। ---- মনীষা দত্ত

Advertisement
সম্পর্কিত সংবাদ