নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে রাস্তা, সেতু এবং বিভিন্ন সরকারি স্থানের নামকরণের ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া চালু করতে রাজ্যস্তরে একটি অ্যাডভাইজরি কমিটি গঠন করল নবান্ন। ১০ সদস্যের এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ)-কে। ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেস্টা সুব্রত গুপ্ত ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র, তথ্য ও সংস্কৃতি এবং পূর্ত দপ্তরের সচিব। কমিটিতে রয়েছেন কলকাতা পুরসভার কমিশনার, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের সচিব, ডঃ বিষ্ণুপদ দত্ত এবং নগরোন্নয়ন ও পুর দপ্তরের যুগ্মসচিব বা তার উপরের পদমর্যাদার এক প্রতিনিধি। নাম নির্ধারণের ক্ষেত্রে ঐতিহাসিক, সাংস্কৃতিক, ঐতিহ্যগত এবং জনস্বার্থ সংক্রান্ত বিষয়কে গুরুত্ব দেবে কমিটি।



