সংবাদদাতা, হলদিয়া: প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা হলদিয়া আইওসি রিফাইনারির নতুন লুব্রিকেটিং অয়েল বা লুব অয়েল প্ল্যান্টের বাণিজ্যিক উৎপাদন শুরু হল। শুক্রবার নবনির্মিত ইউনিট থেকে উৎপাদিত পণ্য নিয়ে প্রথম বাণিজ্যিক গাড়ি যাত্রা শুরু করে। উচ্চ গুণমানের গ্রুপ-থ্রি লুব অয়েল বেস স্টক (৮সিএসটি) বোঝাই প্রথম ট্যাঙ্কার প্ল্যান্ট থেকে বেরনোর সময় সবুজ পতাকা নাড়িয়ে উদ্বোধন করেন আইওসির ডিরেক্টর (রিফাইনারিজ) অরবিন্দ কুমার। উপস্থিত ছিলেন হলদিয়া আইওসি রিফাইনারির এগজিকিউটিভ ডিরেক্টর এবং প্ল্যান্ট হেড অতনু সান্যাল ও অন্যান্য সিনিয়র আধিকারিকরা। ২০২১ সালে হলদিয়া এসে এই প্ল্যান্টের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ওই প্ল্যান্ট থেকে পণ্য উৎপাদন শুরু হওয়ার ঘটনাকে নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত করেছে আইওসি। সংস্থা সূত্রে জানা গিয়েছে, হলদিয়া আইওসি রিফাইনারির নতুন এই লুব অয়েল প্ল্যান্ট অর্থাৎ ক্যাটালেটিক ডি-ওয়াক্সিং ইউনিট ভারতে সর্ববৃহৎ লুব অয়েল প্ল্যান্ট হতে চলেছে। শুধু তাই নয়, দেশে সর্বপ্রথম উৎকৃষ্টমানের লুব অয়েলের চাহিদা পূরণ করবে বলে দাবি আইওসির। এদিন এক প্রেস বিজ্ঞপ্তিতে আইওসি জানিয়েছে, উচ্চমানের লুব্রিকেন্ট বেস অয়েল উৎপাদনে আত্মনির্ভর ভারত গড়ার পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অত্যাধুনিক রিফাইনিং প্রযুক্তি সমৃদ্ধ সিআইডিডব্লু-ওয়ান ইউনিট উচ্চ বিশুদ্ধতার গ্রুপ-থ্রি বেস অয়েল উৎপাদনে দেশকে সক্ষম করেছে। এই লুব অয়েল নেক্সট জেনারেশন ইঞ্জিন অয়েল, ইন্ডাস্ট্রিয়াল লুব্রিকেন্ট এবং প্রিমিয়াম অটোমোটিভ হিসেবে দেশীয় পরিবহণ শিল্পে সাশ্রয় করবে। উন্নতমানের লুব উৎপাদন বৃদ্ধির ফলে আমদানি নির্ভরতা কমবে।



