রংবাহারি পোশাক পরার এই তো সময়! হিমেল হাওয়ার ছোঁয়ায় রোদ্দুরের তাপও মিঠে মনে হয়। তাই হালকা নয়, আলমারিতে থাকা রঙিন পোশাকে সেজে উঠুন শীতের কয়েকটা দিন। পাশাপাশি মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ও নেই। ফলে ইচ্ছেমতো লুক তৈরি করতে পারেন। চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে অভিনেত্রী পায়েল দে প্রথমে বেছে নিয়েছিলেন মেখলা। সাদা-লালের কম্বিনেশনে তৈরি মেখলাটির পাড়ে জরির বর্ডার। ফুলহাতা সাদা একটি টপ দিয়ে পরেছেন নায়িকা। সঙ্গে আধুনিক গয়না। ছোট্ট টিপ সাজে সামঞ্জস্য তৈরি করেছে। খোঁপায় রয়েছে বাগান থেকে তুলে আনা লাল রঙের রঙ্গন ফুল। পুরো লুক বদলে গিয়েছে ফুলের ছোঁয়ায়। পায়েলের পছন্দের দ্বিতীয় শাড়িটি পিওর সিল্ক। নীল-সাদার কম্বিনেশনে ভারী উজ্জ্বল। শাড়িটির কুঁচি এবং আঁচল একরকম। বাকি অংশে নীলের নানা শেডে ঘোড়ার মোটিফ ব্যবহার করা হয়েছে। কায়দা করে আঁচলের একটা অংশ গলা দিয়ে জড়িয়ে রেখেছেন। চিরাচরিত শাড়ি পরার ধরন থেকে যা একেবারে আলাদা। শীতের আবহাওয়ার কথা মাথায় রেখেই কালো ফুলস্লিভ টপ দিয়ে পরেছেন তিনি। সঙ্গে পনিটেল এবং কাঁধ পর্যন্ত ঝোলা দুল। পায়েলের মতো স্টাইলিং আপনিও করতে পারেন। শুধু খেয়াল রাখবেন তা যেন আপনার ব্যক্তিত্বকে ছাপিয়ে না যায়। স্বরলিপি ভট্টাচার্য



