ভোপাল: ব্ল্যাকমেল করে তরুণীদের ধর্ষণ করার একটি ঘৃণ্য চক্রের পর্দা ফাঁস করল ভোপাল পুলিস। ঘটনায় ধৃত দুই যুবক ফারহান এবং সাদ পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। আপাতত ভোপালের পুলিস কমিশনার হরিনায়ারণচারি মিশ্রার নেতৃত্বে গঠিত সিট দু’জনকে জেরা করে এই চক্র সম্পর্কে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে। পুলিস কমিশনার জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারার পাশাপাশি পকসো আইনেও ৩টি এফআইআর দায়ের হয়েছে। তাঁর কথায়, ‘গোটা বিষয়টি খুবই স্পর্শকাতর। অপরাধের সময় অভিযোগকারিণীদের বয়স ১৮ বছরের নীচে ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে ভোপালের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগগুলি একত্রিত করে তদন্ত চালাচ্ছে সিট।’
মূলত একটি নির্দিষ্ট বেসরকারি কলেজের ছাত্রীরাই এই অপরাধের শিকার হয়েছে বলে জানিয়েছে পুলিস। অভিযুক্তরাও ওই কলেজের পড়ুয়া। বছর উনিশের এক ছাত্রী বাগ সেওয়ানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। তিনি দাবি করেন, বছর দু’য়েক আগে ভুয়ো পরিচয়ে ফারহান তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক পাতিয়ে ধর্ষণ করে। এরপর সেই ঘটনার ভিডিও করে ওই ছাত্রীকে ব্ল্যাকমেল করতে থাকে অভিযুক্ত। একই কায়দায় ভয় দেখিয়ে ওই ছাত্রীর বান্ধবীদেরও নিজেদের শিকার বানায় বলে অভিযোগ। ধৃত ফারহানের মোবাইলে বেশ কিছু ছাত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও পেয়েছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, সেখানে ফারহানকে ওই তরুণীদের উদ্দেশে এমন কিছু কথা বলতে শোনা গিয়েছে, যা ধর্মীয় ক্ষেত্রে অবমাননাকর। পুলিসের অনুমান, রীতিমতো চক্র তৈরি করে এভাবে ভিনধর্মের কমবয়সি মেয়েদের নিশানা করা হচ্ছে। এর পিছনে পাকা মাথার পরিকল্পনা রয়েছে।