Bartaman Logo
৪ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফোনে অধ্যক্ষকে ‘দেখে নেওয়ার’ হুমকি! অস্থায়ী কর্মীকে বরখাস্ত করল কলেজ কর্তৃপক্ষ

আলিপুরদুয়ার কলেজের অস্থায়ী কর্মী রাজু রায় অধ্যক্ষকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে বরখাস্ত। কলেজে অনুপস্থিত থেকেও বেতন নিতেন। বিস্তারিত পড়ুন।

ফোনে অধ্যক্ষকে ‘দেখে নেওয়ার’ হুমকি! অস্থায়ী কর্মীকে বরখাস্ত করল কলেজ কর্তৃপক্ষ
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, আলিপুরদুয়ার: বাবা তৃণমূল নেতা। আলিপুরদুয়ার-১ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। অভিযোগ, সেই সুবাদে দিনের পর দিন কলেজে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন নিতেন। কলেজে না আসার জন্য অধ্যক্ষ শোকজও করেছিলেন। তার জন্য কলেজ অধ্যক্ষকে ফোনে দেখে নেওয়ার হুমকিও দিতেন। বুধবার এই অভিযোগে আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজের গ্রুপ-ডি পদের অস্থায়ী কর্মী রাজু রায় অধিকারীকে বরখাস্ত করল কর্তৃপক্ষ। 

Advertisement

হুমকি দেওয়ার জন্য ওই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে এদিন আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কলেজ অধ্যক্ষ শ্রীজিৎ দাস। অধ্যক্ষ বিষয়টি এলাকার বিধায়ক পরিতোষ দাসকেও জানিয়েছেন। এদিকে, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও বহিষ্কৃত ওই কলেজ কর্মীর বাবা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চক্রধর রায় বলেন, তাঁর ছেলের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। 
কলেজ সূত্রে জানা গিয়েছে, রাজু রায় অধিকারী এক সময় ওই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের জিএস ছিলেন। সেই সুবাদে প্রভাব খাটিয়ে কলেজের অস্থায়ী পদে তিনি চাকরি পান। কলেজের হিসাব অনুযায়ী ১১৭ দিন ওই কলেজ কর্মী অনুপস্থিত ছিলেন। অভিযোগ, ২০২৫ সালের জুলাই মাস থেকে তিনি কলেজেই আসতেন না। তারপরেও তিনি নিয়মিত বেতন তুলেছেন। শুধু তাই নয়, ওই কর্মীর অনুরোধে কলেজ কর্তৃপক্ষ তাঁর বেতন আরও দুই হাজার টাকা বাড়িয়ে দিয়েছিল। কিন্তু তারপরেও তিনি কলেজে আসতেন না। কলেজে না এলেও নিয়মিত বেতন নিতেন। 
কলেজ অধ্যক্ষ শ্রীজিৎ দাস বলেন,  গত ৫ মে কলেজের গভর্নিং বডি ভেঙে দেওয়া হয়েছে। ওই কলেজ কর্মী ১১৭ দিন কলেজে আসেননি। তাঁকে কলেজে আসার জন্য বার বার ফোন করা হয়েছিল। কিন্তু তিনি কলেজ আসেননি। তারপরেও তিনি নিয়মিত বেতন নিয়েছেন। সম্প্রতি তাঁকে দুই হাজার টাকা বেতন বাড়িয়ে দেওয়া হয়েছিল। কলেজে না আসার জন্য তাঁকে শোকজও করা হয়েছিল। কিন্তু শোকজের উত্তর না দিয়ে মঙ্গলবার রাতে ফোনে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে। তাই বাধ্য হয়ে ওই কলেজ কর্মীকে বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছি। 
বিজেপি বিধায়ক পরিতোষ দাস বলেন, তৃণমূল জমানায় এ আর নতুন কী। স্কুল-কলেজে না গিয়েও দিনের পর দিন বেতন নিয়েছিলেন বিগত সরকার ঘনিষ্ঠ সরকারি কর্মী ও শিক্ষকরা। এবার কিন্তু এসব চলবে না। সবাইকে সতর্ক করে বলছি কাজে ফাঁকি দিলে আমাদের সরকার কড়া ব্যবস্থা নেবে। 
যদিও বহিষ্কৃত কলেজ কর্মী রাজু রায় অধিকারীর কোনো বক্তব্য মেলেনি। তবে তাঁর বাবা চক্রধর রায় অধিকারী বলেন, ছেলের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। পুলিশ তদন্তেই সব পরিষ্কার হবে। 
আলিপুরদুয়ার থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য বলেন, হুমকির ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সম্পর্কিত সংবাদ